সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে নিজ দলের সমর্থিত প্রার্থীদের পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাবেক সাংসদ ও বিএনপির নেতা নাছির উদ্দিন চৌধুরী।
সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রভাবশালী সদস্য এবং নাছির উদ্দিন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। নির্বাচনে আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত এই দুই উপজেলায় সবগুলো পদেই বিএনপি-সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। বিষয়টিকে এলাকার লোকজন সুরঞ্জিতের দুর্গে নাছিরের হানা হিসেবেই মনে করছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুনামগঞ্জ-২ আসন থেকে সুরঞ্জিত সেনগুপ্ত আটবার সাংসদ নির্বাচিত হয়েছেন। শুধু ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে নাছির উদ্দিন চৌধুরী সাংসদ নির্বাচিত হন। একাধিকবার সাংসদ নির্বাচিত হওয়ায় স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতেও বরাবরই আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনের প্রভাব বজায় থাকে। তবে এবার নাছির উদ্দিন চৌধুরী তাঁর দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে পেরেছেন।
তৃণমূল নেতারা জানান, ২৭ ফেব্রুয়ারি দিরাই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন দলীয় সমর্থন পান। অপর দিকে উপজেলায় আওয়ামী লীগের জনপ্রিয় নেতা হাফিজুর রহমান তালুকদার সমর্থন না পেয়ে বিএনপিতে যোগ দেন এবং বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দুই হাজার ৪০টি ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে হারান। হাফিজুর আওয়ামী লীগের পরীক্ষিত নেতা হওয়ায় দলের কর্মী-সমর্থকেরাও তাঁকে ভোট দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা। এখানে ভাইস চেয়ারম্যান পদ দুটিতেও বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হন।
একই সূত্র জানায়, ২৩ মার্চ অনুষ্ঠিত শাল্লা উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী গনেন্দ্র চন্দ্র সরকার ২০ হাজার ৮২৪টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আল-আমিন চৌধুরী পান ১৭ হাজার ৫৯৪টি ভোট এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী অবনীমোহন দাস পান ১১ হাজার ৮৮৯টি ভোট। আওয়ামী লীগের দুই প্রার্থীর ভোট যোগ করলে তা বিএনপির প্রার্থীর চেয়ে আট হাজার ৬৫৯টি বেশি হয়। আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী থাকায় এ উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনে করেন। দলটির নেতারা জানান, ভাইস চেয়ারম্যানের দুটি পদেও আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহিম চন্দ্র বলেন, ‘একক প্রার্থী থাকলে শাল্লায় আল-আমিন চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতেন। অবনীমোহন তৃণমূলের সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির জয় হয়েছে।’