সুরঞ্জিতের দুর্গে মতিউরের হানা!
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দুর্গ হিসেবে পরিচিত সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলা। এই এলাকা থেকে সুরঞ্জিত সেনগুপ্ত সাতবার সাংসদ হয়েছেন। এলাকার যাবতীয় উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন তিনিই করেন। কিন্তু গত বৃহস্পতিবার তাঁর নির্বাচনী এলাকা দিরাই উপজেলার ধনপুর-চণ্ডীপুর গ্রামের বিদ্যুৎ লাইনের উদ্বোধন করলেন সুনামগঞ্জ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যাননি। মতিউর রহমানের সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপির নেতারা। উদ্বোধনী ও সংবর্ধনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছত্তার, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া প্রমুখ বক্তব্য দেন।এ ব্যাপারে আওয়ামী লীগের একাধিক কর্মী বলেন, প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ ও সুরঞ্জিত সেনগুপ্তের মধ্যে ক্ষমতার লড়াই ছিল দীর্ঘদিনের। সামাদ আজাদের আস্থাভাজন সাংসদ মতিউর রহমানের সমর্থকদের সঙ্গে জমিজমা ও রাজনীতি নিয়ে কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে সুরঞ্জিত সেনগুপ্তের সমর্থকদের। গত সংসদ নির্বাচনে সুরঞ্জিতের অনুসারীরা মতিউরের বিরোধিতা করেছেন, এমন অভিযোগও রয়েছে। হয়তো সুরঞ্জিতের অনুসারীরা এসব কারণে মতিউর রহমানের অনুষ্ঠানে যাননি।দিরাই উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছত্তার বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকলেও এলাকার উন্নয়নে আমরা সবাই এক। তাই দাওয়াত পেয়ে অনুষ্ঠানে এসেছি।’ একই কথা বললেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন বলেন, ‘উনি (মতিউর রহমান) আমাদেরই লোক। আমরা দাওয়াত পেয়েছি। আমাদের পক্ষ থেকে মহিলা ভাইস চেয়ারম্যানকে পাঠিয়েছি। উন্নয়ন যে করবে, তাঁকে আমরা সহায়তা করব। এটা আমাদের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নির্দেশ।’মতিউর রহমান বলেন, ‘আমি সুনামগঞ্জ সদর আসনের সাংসদ হলেও আমার বাড়ি দিরাইয়ের চণ্ডীপুরে। আমি প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমার এলাকায় বিদ্যুৎ দিয়েছি। অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে।’ তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, ‘দলের কয়েকজন দুর্নীতিবাজ মন্ত্রী-সাংসদের কারণে আমাদের সব সুনাম ম্লান হচ্ছে। দুর্নীতিবাজ যে-ই হোক, তাকে আমি ঘৃণা করি।’