সুরঞ্জিতের পক্ষে ভোট চাইলেন এলজিইডির প্রধান প্রকৌশলী
আগামী জাতীয় নির্বাচনে দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে আবার ভোট দেওয়ার জন্য সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান। একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমেরও সমালোচনা করেন। প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে সঙ্গে নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল শনিবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা দিরাইয়ে যান। সেখানে তাঁরা কালনী নদীর ওপর প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন সমন্বয় সভায় তাঁরা বক্তব্য দেন। সভায় স্থানীয় প্রশাসন, এলজিইডির প্রধান কার্যালয়ের আর কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার অলিউর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্যের একপর্যায়ে মো. ওয়াহিদুর রহমান সুরঞ্জিত সেনগুপ্তের জন্য ভোট চান। তিনি বলেন, ‘আমি যদিও রাজনীতি করি না, তবুও বলি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ছাড়া দেশে আর কোনো রাজনীতি নেই। আগামী নির্বাচনে আপনারা আবার আওয়ামী লীগকে ভোট দেবেন। মাননীয় মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’তিনি সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, ‘আমরা গ্রামেগঞ্জে কোটি কোটি টাকার কাজ করছি। কিন্তু এগুলো মিডিয়াতে আসে না। মিডিয়া শুধু সমালোচনা করে। আওয়ামী লীগের উন্নয়ন তারা চোখে দেখে না।’ তিনি বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে। আর সুরঞ্জিত সেনগুপ্ত তাঁর বক্তব্যে বলেন, ‘রাত ১০টার পর টিভিতে কিছু বুদ্ধিজীবী আসেন। তাঁরা দ্বিতীয়-তৃতীয় আর চতুর্থ ধারার রাজনীতির কথা বলেন। আসলে দেশে রাজনীতির ধারা একটাই, সেটা হলো বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি।’ তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানই এ দেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছেন। এই দেশে সাম্প্রদায়িক রাজনীতি চলতে পারে না।’ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ রেলের ‘অর্থ কেলেঙ্কারির’ সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত জড়িত নয় দাবি করে বলেন, ‘তিনি (সুরঞ্জিত) নির্দোষ। তিনি সিলেট বিভাগের গর্ব। সুরঞ্জিত সেনগুপ্ত ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই ষড়যন্ত্রের কথা দেশবাসী যেমন জানে, তেমনি দিরাই-শাল্লার মানুষও বুঝতে পেরেছে। তাই আগামী নির্বাচনে অবশ্যই আপনারা আবার তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’