সুরঞ্জিতের পদত্যাগকে স্বাগত জানাল বিভিন্ন দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা। গতকাল সোমবার মানবাধিকারকর্মীর ব্যবহারিক পুস্তিকার প্রকাশনা অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, রেলমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বা মিথ্যা যা-ই হোক, তাঁর পদত্যাগ একটি ভালো উদাহরণ। ক্ষমতায় থেকে মন্ত্রী তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেননি—জনমনে এই ভাবনা প্রতিষ্ঠিত হবে। এর ফলে তদন্ত সুষ্ঠু হবে। একই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, কমিশনের চেয়ারম্যান হিসেবে এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। তবে তাঁর ব্যক্তিগত মত হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশে বা যেভাবেই হোক এ ধরনের পদক্ষেপ একটি বলিষ্ঠ দৃষ্টান্ত। আর রেলমন্ত্রী যদি নিজে থেকে পদত্যাগ করেন, এটা তাঁর উদারতা। এখন যথাযথ তদন্ত হয়ে জনগণ সত্যটা জানতে পারুক, এটাই সবার প্রত্যাশা।মহাজোট সরকারের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এক বিবৃতিতে রেলমন্ত্রীর পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, দেশের ইতিহাসে এই ঘটনা বলিষ্ঠ, সাহসী ও অনুকরণীয় সিদ্ধান্ত হয়ে থাকবে। এতে রাজনীতিতে নতুন সংস্কৃতি ও শিষ্টাচার ধারার সূচনা হবে।অপর এক বিবৃতিতে ন্যাপের সভাপতি জেবেল রহমান ও মহাসচিব গোলাম মোস্তফা বলেন, এই পদত্যাগ রাজনৈতিক সংস্কৃতিতে নজির সৃষ্টি করবে।