সুরঞ্জিতের বাসায় হামলা চালিয়েছে বিএনপি: নানক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় হামলার জন্য বিএনপি দায়ী। আজ শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।
নানক বলেন, ‘আমরা আগেই বুঝতে পেরেছিলাম, পরিবেশ অস্থিতিশীল করতে বিএনপির দায়িত্বশীল নেতারা দা-কুড়াল-খন্তা নিয়ে কর্মীদের রাস্তায় নামতে বলেছেন। এই হামলা তাঁরাই চালিয়েছেন বলে আমি মনে করি।’ তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা করে যাবেন, আর আওয়ামী লীগের নেতা-কর্মীরা তানপুরা নিয়ে বসে থাকবে?’ পরিবেশ অস্থিতিশীল করতে জামায়াত-শিবির তাদের ভাড়াটে গুণ্ডাদের ঢাকায় নিয়ে এসেছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আলামত’ ভালো নয়। বিএনপি-জামায়াত যেভাবে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছে, এতে তিনি শঙ্কাবোধ করছেন বলে উল্লেখ করেন। তবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে সব বাহিনী জিরো টলারেন্সে থাকবে বলে তিনি জানান।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের’ উদ্দেশে বলেন, ‘ওরা দুষ্টু, ওরা দুশমন।’ ওরা যদি জানমালের স্থায়ী ক্ষতি করে, নেতা-কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না। ২৪ জানুয়ারি পর্যন্ত রাজপথে থাকারও অঙ্গীকার করেন তিনি।