সুরঞ্জিতের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলা খারিজ
আওয়ামী লীগের নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা এক মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিএনপিপন্থী এক আইনজীবী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি আবেদন করেছিলেন।আইনগত ভিত্তি না থাকায় আদালত নালিশি আবেদনটি খারিজ করে দেন। ঢাকা আইনজীবী সমিতির সদস্য সুলতান মাহমুদ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। মহানগর হাকিম মো. মনিরুজ্জামান বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে আইনজীবীদের জানিয়ে দেন। বিকেলে আদালত আদেশ প্রচার করেন। তাতে বলা হয়, নথি পর্যালোচনা করে দেখা গেছে নালিশকারীর এ ধরনের নালিশ বা অভিযোগ আনার কোনো আইনগত মর্যাদা নেই। আদালত ফৌজদারি কার্যবিধির ১৯৮ ধারায় নালিশি আবেদন খারিজ করে দেন।মামলার আরজিতে বলা হয়, ‘সুরঞ্জিত সেনগুপ্ত গত ১৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেন, “আইন এখন অর্থের বিনিময়ে পাওয়া যায়। টাকা থাকলে উকিল ও কোর্ট সব পাওয়া যায়। সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন আইনের সুফল থেকে বঞ্চিত।” পরদিন বিভিন্ন দৈনিকে বিভিন্ন শিরোনামে তা প্রকাশিত হয়। সুরঞ্জিত সেনগুপ্তের আদালত ও আইনজীবীদের উদ্দেশ করে এ ধরনের বক্তব্য মানহানিকর।’