সুরঞ্জিতের ব্যাখ্যার দিন পুনর্নির্ধারণ
মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য ১৪ জানুয়ারি দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।গতকাল বুধবার সুরঞ্জিতের আইনজীবী আবদুল বাসেত মজুমদার সময়ের আরজি জানালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।ট্রাইব্যুনাল-২ গত ২৪ ডিসেম্বর স্বতঃপ্রণোদিতভাবে সুরঞ্জিতের বক্তব্যের বিষয়ে তাঁর ব্যাখ্যা চেয়ে আদেশ দেন। আমার দেশ পত্রিকায় ছাপানো প্রতিবেদনের কথা উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, ‘১৪ দলের গণমিছিলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “...২০১৩ সালের যেকোনো সময়ে রায়ে চিহ্নিত ১৪ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে। তাঁদের ফাঁসির রায়ও কার্যকর করা হবে। কেউ ঠেকাতে পারবে না।” সুরঞ্জিত সেনগুপ্তের এই বক্তব্য ট্রাইব্যুনালের জন্য অত্যন্ত মর্যাদাহানিকর এবং তা স্বাধীন বিচার প্রশাসনের জন্য বাধাস্বরূপ। তিনি কীভাবে এবং কিসের ভিত্তিতে মানুষের সামনে এ ধরনের কাল্পনিক ভবিষ্যদ্বাণী করেছেন, তা ট্রাইব্যুনালের জানা প্রয়োজন।’