সুরঞ্জিতের সাবেক এপিএস ফারুকের ব্যাংক হিসাব জব্দ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারের ব্যাংক হিসাব চালুর আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওমর ফারুকের করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া এ আদেশ দেন।

আদেশের বিষয়টি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলো ডটকমকে জানান, ওমর ফারুকের ব্যাংক হিসাব সচলের আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল। তাঁর ওই হিসাব জব্দ থাকবে।

আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং ওমর ফারুকের পক্ষে এস এম শাহজাহান মামলা পরিচালনা করেন।

২৯ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওমর ফারুকের ব্যাংক হিসাব সচলের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। এ রায়ে স্থগিতাদেশ চেয়ে ফারুক আবেদন করেছিলেন।