সুরমা তীরে মানববন্ধনে প্রবাসী সংগঠকেরাও একাত্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে টিপাইমুখ বাঁধ বন্ধের দাবিতে ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’ নদীতীরে একযোগে মানববন্ধন করেছে গতকাল সোমবার দুপুরে। সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ ও আলী আমজাদের ঘড়িঘরের পাশে দীর্ঘ মানববন্ধনে প্রগতিশীল সংগঠনের নেতারা ছাড়াও সম্প্রতি ভারত সফর করে আসা যুক্তরাষ্ট্র-প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলও একাত্মতা ঘোষণা করে। মানববন্ধন চলাকালে প্রবাসী সংগঠনের নেতারা তাঁদের সফর ও প্রবাসে জনমত গঠনের উদ্যোগ গ্রহণের কথা ব্যক্ত করেন।নদীতীরে মানববন্ধন কর্মসূচির আয়োজক সূত্রে জানা গেছে, লাগাতার প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে দেশে ও বিদেশে জনমত গঠনের লক্ষ্যে সিলেটে প্রগতিশীল সংগঠনের বৃহত্তম মোর্চা ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’ গত ৪ ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচির একটি ১০ জেলায় নদীতীরে একযোগে মানববন্ধন করে। সুরমা-কুশিয়ারা-মেঘনা অববাহিকার জেলাগুলোয় সমন্বিত এ কর্মসূচির সঙ্গে সিলেটে নদীতীরের মানববন্ধনে সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ, শহীদুল ইসলাম শাহীন, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি মো. আরশ আলী, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীসহ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), পূজা উদ্যাপন পরিষদ, সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি, বাসদ, ন্যাপ, খেলাঘর, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট গণদাবি পরিষদ, সিপিবি, যুব, ছাত্র ইউনিয়ন, সাংস্কৃতিক সংগঠন চারণ, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। এ ছাড়া মানববন্ধনে ‘আন্তর্জাতিক ফারাক্কা কমিটি’সহ যুক্তরাষ্ট্র-প্রবাসী কয়েকটি সংগঠনের নেতারা একাত্ম হন। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির মহাসচিব সৈয়দ টিপু সুলতান মানববন্ধনে উপস্থিত হয়ে জানান, টাচিং সোল্স ইন্টারন্যাশনাল আমেরিকার তাহমিনা সুলতান, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম লস্করের নেতৃত্বে তাঁদের একটি প্রতিনিধিদল সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ভারত সফর করে এসেছে। সম্প্রতি ভারত সফরের অভিজ্ঞতায় নেতারা বলেন, ‘আমরা যাঁরা দেশের বাইরে থাকি, তাঁদের মধ্যে সবচেয়ে বড় ভয় টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে। আমেরিকা থেকে দেশে আসার সময় আমরা ভারত হয়ে এসেছি। শুধু আমরাই উদ্বিগ্ন নই, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মানুষেরাও। দুই দেশকে পরিবেশ বিপর্যয়ের মুখে ফেলা টিপাইমুখ বাঁধ বন্ধ করতে আমরা প্রবাসে জনমত গঠনে আরও সচেতন উদ্যোগ গ্রহণ করব। ভারত-বাংলাদেশ দুই দেশের মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধ করবে ভারত সরকার।’ সিলেটের মানববন্ধন কর্মসূচির সঙ্গে একযোগে কর্মসূচি পালন করা হয় সুনামগঞ্জে ও মৌলভীবাজারে। সুনামগঞ্জ শহরের বালুরঘাট নামক স্থানে সুরমা তীরে মানববন্ধন হয়। একইভাবে মৌলভীবাজারের মনু নদের তীরে মানববন্ধন হয়। একযোগে কর্মসূচির প্রবক্তা টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন সিলেটের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘নদীর ওপর কোনো বেষ্টনী নয়, চাই উন্মুক্ত নদী ও পরিবেশবান্ধব উন্নয়ন। এ সচেতনতা দেশে ও বিদেশে প্রচারের মধ্য দিয়ে টিপাইমুখ বাঁধের বিরুদ্ধ জনমত গড়ে তুলতে নদীতীরে মানববন্ধন পালন করা হয়।’ তিনি জানান, আগামী ১ জানুয়ারি সাম্রাজ্যবাদবিরোধী দিবস পালন কর্মসূচিতে পরবর্তী সময়ে আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হবে। সুনামগঞ্জ: সুরমা নদীর বালুরঘাটে বেলা দেড়টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিরোধ আন্দোলন সুনামগঞ্জ কমিটির আহ্বানে মানববন্ধনে সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘর, আইনজীবী সমিতি, অঙ্গীকার বাংলাদেশ, সন্ধানী ডোনার ক্লাবসহ বিভিন্ন স্তরের পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচি শেষে সমাপনী বক্তব্য দেন টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন সুনামগঞ্জের সদস্য সচিব মোজাম্মেল হক মুনিম।মৌলভীবাজার: মনু নদের তীরে দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন হয়। এতে সিপিবি, বাসদ, ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতি, উদীচী, মৌলভীবাজার চেম্বার, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, খেলাঘরসহ প্রগতিশীল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। কর্মসূচির সমাপনী বক্তব্য দেন বাংলদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও প্রতিরোধ আন্দোলন মৌলভীবাজারের আহ্বায়ক সৈয়দ আবু জাফর আহমদ।