সুরমা থেকে সুপারি পচানোর কারবার গোটানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের কাজীরবাজারের কাছে সুরমা নদীতে সুপারি পচানোর (মজাইল গুয়া) কারবার গতকাল শনিবার থেকে গোটানো শুরু হয়েছে। ‘সুপারি পচানোর কারবারে চলছে সুরমায় দখল-দূষণ’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর পানির দূষণের মাত্রা নির্ণয় করে আট সুপারি ব্যবসায়ীকে নোটিশ দেয়। এ নোটিশ পাওয়ার পর গতকাল সুরমা নদী থেকে সুপারির বস্তা সরানো শুরু হয়। গতকাল দুপুরে নদীতীর ঘুরে দেখা গেছে, ওই এলাকায় নদীর প্রায় মধ্যভাগ দখল করে তৈরি আটটি ঘেরের কোথাও কোনো সুপারির বস্তা নেই। বাঁশ দিয়ে তৈরি ঘেরের সীমানাগুলোও আর নেই। গতকাল ভোর থেকে ২০ থেকে ২৫ জন শ্রমিক সুপারির বস্তা নদী থেকে তোলার কাজ করছেন। কারবার গোটানোর কারণ জানতে চাইলে আলাউদ্দিন নামের এক ব্যবসায়ী ক্ষোভের সুরে প্রথম আলোকে বলেন, ‘আমরার জনমের শিক্ষা অই গেছে, সুরমার পানিত কেউ আর গুয়া মজাইত (সুপারি পচানো) নায়!’গত ২৫ জানুয়ারি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় ২৬ জানুয়ারি একটি প্রতিনিধিদল দিয়ে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে পরীক্ষার জন্য পানি সংগ্রহ করে। বিশেষজ্ঞদের মাধ্যমে ওই পানি পরীক্ষা করে দূষণের প্রমাণ মেলায় আট ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়।