সুরমা নদীতে ট্রলারে আগুন, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের সুরমা নদীতে যাত্রাবাহী একটি ট্রলারে আগুন ধরে অগ্নিদগ্ধ হয়ে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রাম পাশে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বালু-পাথর কোয়ারি থেকে শতাধিক শ্রমিক ও তাঁদের পরিবারের লোকজনকে নিয়ে ট্রলারটি কিশোরগঞ্জ ইটনা উপজেলায় যাচ্ছিল। ট্রলারে ইটনা ছাড়াও নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার শ্রমিকেরাও ছিলেন।
ট্রলারে থাকা শ্রমিক আবু তাহের ও সঞ্জীব সাহা জানান, দুই উপজেলার শ্রমিকেরা ভোলাগঞ্জ থেকে ট্রলারটি ভাড়া করে বাড়ি ফিরছিলেন। শ্রমিকদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্য নারী-শিশুরাও ছিলেন। ট্রলারটি রাত সাড়ে আটটার দিকে বেতুরা গ্রাম পার্শ্ববর্তী সুরমা নদীতে আসার পর হঠাৎভেতরে আগুন ধরে যায়। এতে যাত্রীরা প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়েন। খবর পেয়ে ছাতক ও দোয়ারাবাজার থানার পুলিশ এসে নৌকার ভেতর থেকে অগ্নিদগ্ধ তিনজনের লাশ উদ্ধার করে। এঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাত গ্রামের রোকেয়া বেগম (৪৫)। আগুনে পুড়ে যাওয়ায় অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে নারী-শিশুরাই বেশি।
ট্রলারের ভেতরে থাকা নারী শ্রমিক জমিলা খাতুন জানান, ভেতরে একটি কেরোসিনের চুলায় রাতের খাবার রান্নার জন্য আগুন ধরানোর পর হঠাত্ চুলায় বিস্ফোরণ ঘটে। এতে পুরো ট্রলারের ভেতর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তখন যে যেভাবে পারে নদীতে ঝাঁপ দেয়। ভেতর থেকে অনেক নারী-শিশুই বের হতে পারেননি।
খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাত গ্রামের শ্রমিক কালু মিয়া জানান, তাঁর তিন শিশুপুত্র রুমান (১২), সাকিব (৭) ও কোহিনুর (৬) নিখোঁজ রয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করছে। কোনো যাত্রী নিখোঁজ আছে কি না, সে সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
রাত ১০টার দিকে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারন অর রশিদ জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনজনই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে কোনো যাত্রী নিখোঁজ নেই বলে জানিয়েছেন তিনি।