সুরমা নদীতে নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে নৌকাবাইচ
ভাদ্রের আকাশে মেঘ লাপাত্তা। দুপুরের কড়া রোদে চারদিকে হাপিত্যেশ। তবু থেমে নেই সুরমা নদী ঘিরে থাকা হাজারো মানুষের উচ্ছ্বাস। থেমে থেমে চলে হর্ষধ্বনি আর বিজয়োল্লাস। সবার কণ্ঠে প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় সেই গান: ‘ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়...’।
এভাবেই গতকাল শনিবার সিলেট নগরবাসী নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে নৌকাবাইচ প্রত্যক্ষ করে। নগরের ঐতিহাসিক কিনব্রিজ-সংলগ্ন চাঁদনী ঘাট এলাকার সুরমা নদীর অংশে এ বাইচ হয়। মুঠোফোন কোম্পানি বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ষষ্ঠবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে। পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ রোয়িং ফেডারেশন।
বেলা দুইটায় নৌকাবাইচ শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকেই লোকজন নদীতীরে ভিড় করে। নদীর উত্তর-দক্ষিণ দুই পাশে হাজারো মানুষের ভিড় জমে দুপুর ১২টা থেকেই। পার্শ্ববর্তী কিনব্রিজ, সার্কিট হাউস, উঁচু দালানসহ বিভিন্ন স্থাপনায় উৎসুক মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। প্রত্যেকের দৃষ্টি নদীর দিকে। ততক্ষণে নদীর মধ্যে ভাসমান কয়েকটি নৌকা থেকে মাইকযোগে প্রচারিত হতে থাকে সিলেট অঞ্চলের বিশিষ্ট বাউলসাধকদের লেখা জনপ্রিয় গান। গানের তালে সুর মেলান আগত লোকেরা। একে একে গাওয়া হয় শাহ আবদুল করিমের লেখা ‘বাইচ্ছা বাইচ্ছা পাইক তুলিয়া নাওখানা সাজাও’, ‘কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়’সহ অসংখ্য গান।
বাইচ দেখতে আসা বালাগঞ্জের আলতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘২০ কিলোমিটার দূর থেকে এসেছি কেবল নৌকাবাইচ দেখতে। আগের মতো আর বাইচ হয় না। কয়েক দিন আগে বাইচের খবর পেয়ে মনটা শুধু আনচান করছিল। দুই ছেলেকে নিয়ে একটি অটোরিকশা ভাড়া করে চলে এসেছি।’
বেলা আড়াইটার দিকে প্রতিযোগিতার জন্য একের পর এক নৌকা অনুষ্ঠানস্থলে আসে। এসব নৌকায় গায়ক, ঢুলি, পরালি কামলা, কারালি কামলারা কমলা রঙের গেঞ্জি পরে সারিবদ্ধভাবে বসেন। অংশগ্রহণকারী নৌকায় লাল-সাদা-হলুদ রঙের মিশ্রণে আঁকা হয়েছে নানা পশুপাখির নকশা।
বেলা তিনটার দিকে ‘বিজয়ের লক্ষ্যে ছুটে চলি দুরন্ত গতিতে’ শীর্ষক মূল প্রতিযোগিতা শুরু হয়। এতে বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলের ২০টি নৌকা অংশ নেয়।
‘ময়ূরপঙ্খি’, ‘কোষা’ ও ‘পুবালি’-তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা শুরু হয়। তিন পর্বের প্রতিযোগিতার প্রতি পর্বে তিনটি নৌকাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করে সর্বমোট নয়টি নৌকাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের টেলিভিশন দিয়ে পুরস্কৃত করা হয়।
পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সদর আসনের সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগদলীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেসা হক, সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, পুলিশের সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মকবুল হোসেন ভূইঞা, সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী, মুঠোফোন কোম্পানি বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড এস কে নূর-উল-আলম, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক মনিরুল আলম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী প্রমুখ।