সুরমা নদীতে ‘গুমদানব’ নিক্ষেপ
সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন ঘটনাকে ১১টি ব্যঙ্গচিত্র ও প্রতীকী কফিনের মাধ্যমে তুলে ধরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সিলেটের ‘খ্যাপা তারুণ্য’ নামের একটি সংগঠন। ব্যতিক্রমী এই শোভাযাত্রা দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে।গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ব্যতিক্রমী এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জিন্দাবাজার, বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট এলাকা ঘুরে সুরমা নদীর কিনব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ‘গুমদানব’ ও প্রতীকী কফিনগুলো সুরমা নদীতে নিক্ষেপ করে সংগঠনটি। শোভাযাত্রার আয়োজকেরা বলেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন, অর্থনৈতিক লুণ্ঠন, সন্ত্রাস ও গুমের অপসংস্কৃতির বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ করে তুলতেই এই ব্যতিক্রমী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আট বছর আগে বোমা ও গ্রেনেড-সন্ত্রাসের প্রতিবাদ করা হয়েছে। এখন গুম সংস্কৃতির প্রতিবাদ করা হচ্ছে। এ জন্যই শোভাযাত্রায় কল্পিত ‘গুমদানব’-এর ভয়ংকর প্রতিমূর্তি তুলে ধরা হয়েছে। প্রদর্শিত ‘গুমদানব’ প্রতিমূর্তির মুখে গুম হওয়া বিএনপির নেতা এম ইলিয়াস আলীর প্রতিকৃতি শোভা পায়।দুই শতাধিক তরুণের এই প্রতিবাদ কর্মসূচির সমন্বয়ক মহসিন হোসেন বলেন, প্রতিবাদ শোভাযাত্রায় তিনটি কফিনে প্রতীকী শব প্রদর্শন করা হয়। এগুলো ছিল রাজনৈতিক শিষ্টাচার, আস্থা ও সহিষ্ণুতা। তিনি বলেন, ‘সুরমা নদীতে গুমদানবসহ ওই তিন প্রতীকী শব বিসর্জন দিয়ে আমরা রাজনীতিতে সহনশীল পরিবেশ ফিরে আনার আহ্বান জানিয়েছি।’