সিলেটে ‘নিখোঁজ’ আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী খুনের ঘটনা উন্মোচনের এক সপ্তাহ পর সুরমা নদীর তীর থেকে হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার আপ্তাবনগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ের কাছে সুরমা নদীর তীর থেকে হাড়গোড় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আইনজীবী ‘নিখোঁজ’ ঘটনার প্রায় ৪০ দিন পর হাড়গোড়ের সন্ধান মিলল।পুলিশ জানায়, রিমান্ডে থাকা আসামি আনসার আলী ও বোরহানের ১৬১ ধারায় দেওয়া তথ্যমতে তাঁদের নিয়ে লাশ উদ্ধারের অভিযানে নামে পুলিশ। গতকাল দুপুরে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার এজাজ আহমদ, কোতোয়ালি থানার সহকারী কমিশনার নাজমুল হাসান, ওসি খন্দকার নওরোজ আহমদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কেফায়েত উল্লাহ আসামিদের নিয়ে সুনামগঞ্জে যান। সেখানে আসামি আনসার ও বোরহানের দেখানোমতে ঘটনাস্থল শনাক্ত করে পুলিশ। পরে লাশের সন্ধানে গিয়ে স্থানীয় ব্রাহ্মণগাঁওয়ের পাশে সুরমা নদীর তীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কাল উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে নিহত আইনজীবীর থুতনি, পায়ের হাড়, দাঁত, কোমরের হাড় উদ্ধার করে পুলিশ। লাশ নদীর তীরে ভেসে উঠলে জীবজন্তু তা খেয়ে ফেললে কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বলে পুলিশের ধারণা। দেহের অন্যান্য অংশবিশেষ উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। নগরের মীরবক্সটুলার বাসিন্দা জেলা আইনজীবী সমিতির দুবারের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী (৯১) গত ১৭ জুলাই শবে বরাতের রাতে নিজ বাসা থেকে নিখোঁজ হন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার এক মাস পর ১৯ আগস্ট তিন হত্যাকারীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে জানান, উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।