বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিমকে ‘সুরমা রিভার ওয়াটারকিপার’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ‘আন্তর্জাতিক ওয়াটার কিপার অ্যালায়েন্স’। দখল-দূষণের হাত থেকে নদী রক্ষায় সচেতনতামূলক ধারাবাহিক কর্মসূচি পালন করায় আবদুল করিমকে এই স্বীকৃতি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বাপা বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওয়াটার কিপার অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক মার্ক এ ইয়োগি এই স্বীকৃতি দেন। আজ শুক্রবার বিকেল চারটায় নগরের সুরমা নদীর কিনব্রিজ পার্শ্ববর্তী চাদনিঘাট এলাকায় ‘সুরমা রিভার ওয়াটারকিপার’ আন্তর্জাতিক স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। অনুষ্ঠানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছদরুদ্দিন আহমদ চৌধুরী, সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন উপস্থিত থাকবেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|