সুরমা সেতুর কাজ চার বছর ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর ওপর ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ চার বছর ধরে বন্ধ রয়েছে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য গত দুই বছর আগে একটি নতুন প্রকল্প তৈরি করে পাঠানো হলেও সেটি পরিকল্পনা কমিশনে পড়ে আছে। এর কোনো অগ্রগতি নেই।সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, সুনামগঞ্জের সঙ্গে ছাতক উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ছাতক পৌর শহরের বাজনামহল এলাকায় সুরমা নদীর ওপর ২০০৫ সালে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ বছরের সেপ্টেম্বর মাসে এই সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর সরকারের একটি বিশেষ (গুচ্ছ) প্রকল্পের আওতায় ২০০৬ সালের জানুয়ারি মাসে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়। সেতুর কাজ চলে এক বছর। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর কাজ বন্ধ হয়ে যায়। পরে আর কোনো কাজ হয়নি।সরেজমিনে দেখা গেছে, ছাতক পৌর শহরের তিন কিলোমিটার দক্ষিণে বাজনামহল এলাকায় সুরমা নদীর ওপরে সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুর ছাতক অংশে তিনটি পাকা পিলার এবং নদীর ওপারে আরও দুটি পিলারের কাজ হয়েছে। এ ছাড়া কোনো কাজ হয়নি। তবে সওজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেতুর কাজ ৩০ ভাগ সম্পন্ন হয়েছে।সেতু নির্মাণের এই কাজ করেছে সিলেটের এইচএনও কনস্ট্রাকশন। এই প্রতিষ্ঠানের নিযুক্ত প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, কাজ শুরুর পর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেয়। এ সময় তাঁরা ১৯ লাখ টাকার জমি কিনে এ সমস্যার সমাধান করেছেন। এরপর প্রায় চার কোটি টাকার কাজ হয়েছে। ছাতক পৌর শহরের ব্যবসায়ী মজিবুর রহমান জানান, ছাতক থেকে সুনামগঞ্জ জেলা শহরে যেতে এখন সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। এই সেতু হলে দোয়ারাবাজার উপজেলা হয়ে সুনামগঞ্জে এক ঘণ্টায় যাওয়া যাবে। ছাতকের সঙ্গে দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। পৌর শহরের আরেক ব্যবসায়ী জানান, ছাতক জেলা শিল্প শহর হিসেবে পরিচিত। সুরমা নদীর ওপারে দুটি সিমেন্ট কারখানা রয়েছে। আপাতত লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার ফেরি দিয়ে যানবাহন চলাচল করে। সেতু হলে ছাতকের সব ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদ মিলন বলেন, ‘সেতুর কাজ বিএনপির সময় শুরু হয়েছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসার পর হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। আমাদের পক্ষ থেকে যেসব স্থানে যোগাযোগ করা দরকার আমরা সেটি করছি। কিন্তু কোনো ফল হচ্ছে না।’সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমানউল্লাহ জানান, এই সেতুটির কাজ একটি গুচ্ছ প্রকল্পের আওতায় শুরু হয়েছিল। এখন এই প্রকল্পটি নেই। পরে অসমাপ্ত সেতু সমাপ্ত করার জন্য অন্য একটি প্রকল্পে এটি অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছে। সেটি সম্ভব হয়নি। সর্বশেষ আরও একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেটি এখন পরিকল্পনা কমিশনে আছে। তবে বিষয়টির কোনো অগ্রগতি হয়নি।