সুরমা সেতুর কাজ ছয় বছরেও শেষ হয়নি
সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে চারটি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সুরমা নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০০৬ সালে। ছয় বছরেও সেতুর কাজ শেষ হয়নি। ২০১০ সালে সুনামগঞ্জের এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর কাজ দ্রুত শেষ হবে বলে ঘোষণা দেন। এ অবস্থায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার সেতুর কাজ পরিদর্শন করবেন।সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় ‘সুনামগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্পের কাজ ২০০৫-০৬ অর্থবছরে শুরু হয়। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি টাকা। পরে সেতুর নকশা পরিবর্তন করে নতুনভাবে ব্যয় ধরা হয় ৬৪ কোটি টাকা। শুরুতে এ কাজের মেয়াদ দুই বছর থাকলেও সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজে বিলম্ব হয়। এখন পর্যন্ত ব্যয় হয়েছে ২৩ কোটি টাকা। সেতুটির কাজ শেষ করতে আরও ৪১ কোটি টাকার প্রয়োজন। সেতুর কাজ শেষ হওয়ার কথা এ বছরের জুন মাসে।সরেজমিনে দেখা গেছে, সুরমা নদীর দুই পাড়ে সেতুর দুটি পাটাতনের আংশিক নির্মাণ করা হয়েছে। এ দুটি পাটাতনের ওপরের ঢালাইয়ের কাজ এখনো বাকি। গত ছয় মাসে নদীর মাঝখানের চারটি পিলারের কাজ নিচ থেকে পানির সমান পর্যন্ত করা হয়েছে।সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটি এ বছর এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) থেকে বাদ পড়েছিল। আমিই দেনদরবার করে আবার অন্তর্ভুক্ত করিয়েছি। বরাদ্দ আনিয়েছি। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীকে দিয়ে সেতুর উদ্বোধন করাতে চাই। কাজ যাতে দ্রুত শেষ হয়, এ জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি পরিদর্শনের জন্য।’মন্ত্রী আসবেন তাই: সুনামগঞ্জ-সিলেট সড়কের ১৩টি ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে চার মাস আগে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ (শুক্রবার) এই সড়কের গোবিন্দগঞ্জ সেতুর কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এত দিন কাজ ঢিমেতালে চললেও মন্ত্রী আসার খবরে কয়েক দিন থেকে সব সেতুতেই জোরেশোরে কাজ হচ্ছে। এ প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি লক্ষ করছি। কয়েক দিন ধরে যেভাবে দ্রুতগতিতে কাজ হচ্ছে, মন্ত্রী চলে যাওয়ার পরও কাজের এই গতি যেন অব্যাহত থাকে।’