সুরমাতীরে বিলাসী শৌচাগার বর্জ্য মিশছে নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর দিকে তাকালে জলতরঙ্গ ছাড়াও দৃষ্টি কাড়ে রংচঙা দোতলা পাকাঘর। নিচতলায় আটটি শৌচাগার। বর্জ্য অপসারণ পাইপের সংযোগ সরাসরি নদীতে দেওয়া হয়েছে। দোতলায় ওঠার সিঁড়ি ঘিরে তৈরি করা হয়েছে পরপর তিনটি ছাতার আদলে ছাদ। সিঁড়ি পেরিয়ে যে কক্ষ, সেটি একটি বৈঠকখানা। সেখানে অবকাশযাপনেরও ব্যবস্থা রয়েছে।
এমন বিলাসী শৌচাগার নির্মাণ করা হয়েছে সিলেট নগরের কাজীরবাজার সেতুর পূর্ব দিকে সুরমা নদীর তীরে। আর এটি নির্মাণ করেছে কাজীরবাজার মৎস্য আড়তদার সমিতি। সমিতির নেতাদের দাবি, এটি তাঁদের নিজস্ব জায়গা। কিন্তু পরিবেশবিদেরা বলছেন, নদীর তীরের জায়গা কেনাবেচা বা বন্দোবস্ত নেওয়া যায় না।
ঢাকার বুড়িগঙ্গাসহ কয়েকটি বড় নদীর সীমানাসংক্রান্ত জটিলতা নিরসনে প্রশাসন, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কাজ করেছেন ওয়াটার রিভারকিপার অ্যালায়েন্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। তিনি প্রথম আলোকে বলেন, নদী ও ভূমি আইন অনুযায়ী শুকনো মৌসুমে নদীর তলদেশ, বর্ষায় জলমগ্ন অবস্থা (ঢাল) আর নদীর তীর—এই তিনটি মিলে একটি নদীর সীমা। সর্বশেষ ওয়াটার অ্যাক্ট ২০১৩ অনুযায়ী, যেকোনো নদীবন্দর বা হাট এলাকায় নদীতীর থেকে ৫০ গজ জায়গা পর্যন্ত নদীর সীমা নির্ধারিত। এ ছাড়া অন্যান্য এলাকায় ১০ মিটার পর্যন্ত নদীর সীমা ধরা হয়। এসব জায়গা কেনাবেচা, বন্দোবস্ত হয় না।
সুরমা নদীর তীরে শৌচাগারের ছবি দেখে শরীফ জামিল বলেন, এটা নদীর জায়গা। এই জায়গা যেহেতু কেনাবেচা বা বন্দোবস্ত গ্রহণের বৈধতা নেই, তাই কেউ দাবি করলেও এই জায়গা দখল করা হয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, শৌচাগারটির প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নিচতলার আটটি শৌচাগার সপ্তাহ খানেক ধরে ব্যবহার শুরু হয়েছে।
জায়গার মালিকানা সম্পর্কে জানতে চাইলে কাজীরবাজার মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দাবি করেন, সমিতির নিজস্ব জায়গায়, সমিতির খরচে এটি নির্মাণ করা হয়েছে। বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।
নদীতীরের জায়গা বন্দোবস্ত নেওয়া যায় না, এটি দখল করা হয়েছে কি না—জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘দখল না, ই-টা আমি শিওর। আবার সমিতি মালিক অইল কী রকম—আমি এই মুহূর্তে কইতাম পারতাম না।’
এদিকে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলে শৌচাগার নির্মাণের ব্যাপারে সমিতির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা বলেন, ২০১৩ সালের ডিসেম্বরের দিকে সুরমা নদীর তীরে সিটি করপোরেশন একটি গণশৌচাগার নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল। তখন পরিবেশবাদীসহ নদীতীরে বেড়াতে যাওয়া মানুষজনের আপত্তির মুখে সেটি বন্ধ করা হয়। কাজীরবাজার সেতু চালু হওয়ার পর ওই এলাকায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে। নদীর দিকে ময়লা অপসারণের ব্যবস্থা রেখে এমন শৌচাগার চললে এটি নদীতীরের অন্য বাসিন্দাদের জন্য বিব্রতকর হবে।
সিলেট অঞ্চলের পরিবেশ আন্দোলনের সংগঠক ও ‘সুরমা রিভারকিপার’ আবদুল করিম কিম সুরমাতীরে শৌচাগার নির্মাণে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, যেকোনো নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয়। জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০১৩-এর আলোকে সিটি করপোরেশনকে শৌচাগার নির্মাণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
যোগাযোগ করলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।