সুরমাতীরের মাটি কাটা বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির পূর্ব কুশিঘাট এলাকায় সুরমা নদীর তীর ও নদীগর্ভের মাটি কাটার স্থানে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় এক ঠিকাদারকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া মাটি কেনা-বেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম সংগ্রহ করেছে অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল গতকাল বেলা একটা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালায়। এ সময় স্থানীয় ভূমি অফিসের একটি দল ও পুলিশ সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।অভিযানের সময় সুরমাতীরের একটি গর্তে শ্রমিকদের মাটি কাটতে দেখা যায়। তাঁদের তাৎক্ষণিক কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে ঠিকাদার মকসুদ আহমদকে আটক করা হয়। এ ছাড়া পূর্ব কুশিঘাটের নয়াবস্তি এলাকার কবরস্থানের পাশে আরও কয়েকটি গর্ত দেখতে পান কর্মকর্তারা।কর্মকর্তারা খোঁজ নিয়ে জানতে পারেন, নদীতীর ও নদীগর্ভ থেকে মাটি কেনা-বেচার সঙ্গে স্থানীয় ব্যবসায়ী আফতাব আহমদ, কুশিঘাটের আজিরউদ্দিন, মিরের চকের জালালউদ্দিন, দেলোয়ার হোসেন এবং এফবিএফ, এপিআই, ফেসকো ও হার্ড সুপার নামের চারটি ইটভাটা, পুষ্টি বেকারিজসহ মোট পাঁচটি প্রতিষ্ঠান জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নদীতীরের যেসব স্থান থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, সেগুলো প্রাকৃতিক বাঁধের মতো ছিল। আইন অনুযায়ী নদীসীমার ১৫০ গজের মধ্যে কোনো মাটি কাটা বা মাটির শ্রেণী পরিবর্তন করা যাবে না।’আটক ঠিকাদার মকসুদ আহমদকে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে সিলেট সিটি করপোরেশনের প্রকল্প বাস্তবায়নকারী প্রকৌশলী তহিবুজ্জামান পরিবেশ অধিদপ্তরে গিয়ে জানান, কুশিঘাট এলাকায় সিটি করপোরেশনের একটি ‘ওয়াটার প্লান্ট’ প্রকল্পের জন্য মাটি কাটা হচ্ছিল। পরিবেশ অধিদপ্তরের আপত্তি থাকায় সেখান থেকে আর মাটি কাটা হবে না। এরপর মুচলেকা দিয়ে তিনি মকসুদকে ছাড়িয়ে নিয়ে যান।