সুরমায় বিলীন হচ্ছে লঞ্চঘাট

সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর তীরে অবস্থিত লঞ্চঘাট এলাকায় নদীভাঙনে পাকা সড়ক ও দোকানঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ভেঙে পড়েছে পন্টুনে ওঠা-নামা করার সিঁড়ি। ভাঙনরোধে এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সরেজমিনে গত সোমবার সকালে দেখা গেছে, লঞ্চঘাট এলাকার পাকা সড়কের নিচ থেকে বালু সরে গেলে ভাঙনের শুরু হয়। সড়কের একাংশ প্রায় ১০ থেকে ১২ ফুট দেবে গেছে। সেখানে বালুর বস্তা ফেলে এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
সড়ক দেবে যাওয়ায় ধসে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের প্রতিরক্ষা দেয়ালও। এখানে দোকান, রেস্তোরাঁ, আবাসিক হোটেলসহ ২৮টি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। রয়েছে পুলিশ ক্লাবের ভবন। দুজন ব্যবসায়ী বলেন, ভাঙনে ইতিমধ্যে পাঁচটি দোকানঘর নদীতে চলে গেছে। সড়কের লাগোয়া লঞ্চঘাটের পন্টুনে ওঠার সিঁড়িটি সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। আলাদা কাঠ বসিয়ে যাত্রীদের পন্টুনে ওঠানামা করতে হয়।
রেস্তোরাঁ মালিক রেনু মিয়া বলেন, ‘আমার পরিবার ৪০ বছর ধরে এখানে ব্যবসা করছে। এবার যেভাবে ভাঙন দেখা দিয়েছে, তাতে মনে হয় এখানে আর থাকা যাবে না। ব্যবসা গোটাতে হবে।’
লঞ্চঘাটের সাবেক ইজারাদার শাহ আলম সেরুল বলেন, ২০১০ সালে প্রায় ১০ লাখ টাকায় পন্টুনে ওঠার এই সিঁড়ি নির্মাণ করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ভাঙনরোধে ব্যবস্থা না নিলে এখান থেকে লঞ্চঘাটই স্থানান্তর করতে হবে।
স্থানীয় পাঁচজন জানান, তিন মাস আগ থেকে এলাকায় নদীভাঙন শুরু হয়। তখন এলাকাবাসী জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
এরপর ওই এলাকাটি স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পৌর মেয়র, পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করেন। কিন্তু ভাঙন রোধে এবং পন্টুনের সিঁড়ি রক্ষায় এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধু পৌরসভা এবং স্থানীয় ব্যবসায়ীরা মিলে ভাঙন-কবলিত এলাকায় বালুর কিছু বস্তা ফেলেছেন। লঞ্চঘাট এলাকায় ব্যবসায়ী হুমায়ুন কবীর জানান, ভাঙন অব্যাহত আছে। শুরু থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ জানান, লঞ্চঘাট এলাকার ভাঙন রোধে প্রায় চার কোটি টাকার একটি প্রকল্পপ্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হলে কাজের দরপত্রের প্রক্রিয়া শুরু করবেন তাঁরা।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মুসলিম উদ্দিন বলেন, ‘আমরা অপেক্ষা করছিলাম আগে নদীভাঙন রোধে কাজ শুরু হবে। এরপর আমাদের কাজ শুরু করব। কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভাঙন রোধে কাজ হোক বা না হোক, পন্টুনের সিঁড়িটি সংস্কারের কাজ আমরা দ্রুত শুরু করব।’