সুরমায় ভাসমান রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে সুরমা নদীতে ভাসমান ‘সুরমা রিভার ক্রুজ’ নামের এই রেস্তোরাঁ গতকাল উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ছবি: প্রথম আলো
সিলেটে সুরমা নদীতে ভাসমান ‘সুরমা রিভার ক্রুজ’ নামের এই রেস্তোরাঁ গতকাল উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ছবি: প্রথম আলো

সিলেটের সুরমা নদীতে গতকাল শনিবার ‘সুরমা রিভার ক্রুজ’ নামে ভাসমান রেস্তোরাঁর উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দোতলা একটি জাহাজ রেস্তোরাঁর আদলে সাজানো হয়েছে। খাওয়ার সঙ্গে তাই মিলবে নদী ভ্রমণের সুযোগও।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেখে মনে হচ্ছে অত্যন্ত উদ্ভাবনশীল ধারণা নিয়ে এটি তৈরি। একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে ব্যবসার পাশাপাশি নদী ভ্রমণেরও একটি সুযোগ এসেছে। নদী তীরের শহর সিলেটে এটি চমৎকার হয়েছে বলা যায়। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে জাহাজ প্রস্তুতকারক কোম্পানি টি কে শিপইয়ার্ড তিন বছরে এটি তৈরি করেছে।
রেস্তোরাঁর আসনসংখ্যা ২৫০। সম্মেলনকক্ষ হিসেবেও একে ব্যবহার করা যাবে। দোতলায় একটি বিশ্রামাগার আছে। এ ছাড়া ছয়টি বাথরুম, দুটো শয্যাকক্ষও আছে। পুরো জাহাজ শীতাতপনিয়ন্ত্রিত। প্রতিদিন সকালে এটি সুরমা নদীর কিনব্রিজসংলগ্ন চাঁদনীঘাটে স্থায়ীভাবে নোঙর করা থাকবে। সকালে ও বিকেলে-প্রতিদিন দুই বেলা জাহাজ চলবে। বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য আগ্রহীরা পুরো জাহাজ ভাড়া নিয়েও ব্যবহার করতে পারবেন।
নদীতে ভাসমান রেস্তোরাঁ নদী রক্ষায় সচেতনতামূলক কাজ করতে পারে বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম। তিনি বলেন, এটি যেন নদী দূষণের কারণ না হয়। রেস্তোরাঁর অন্যতম পরিচালক মিশফাক আহমদ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে সাবেক সচিব এ কে এম আবদুল মুবিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বক্তব্য দেন।