সুরমার উৎসমুখে চর খননের উদ্যোগ নেই
পলি জমে সুরমা নদীর উৎসমুখে তৈরি হয়েছে একাধিক চর। এর ফলে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বছরের অর্ধেকের বেশি সময় উৎস নদ বরাক থেকে বিচ্ছিন্ন থাকছে এটি। এই অবস্থায় পানির অভাবে সিলেট অঞ্চলের বাসিন্দারা বিশেষত কৃষি ও মৎস্যজীবীরা পড়ছেন বিপাকে। ক্রমশ মরা নদীতে পরিণত হচ্ছে সুরমা।
ভারতের করিমগঞ্জ জেলার বরাক নদের দুটি শাখা হচ্ছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী। এদের মিলনস্থল হচ্ছে সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলশিদ এলাকা। এই সুরমা ও কুশিয়ারা নদীর মাধ্যমেই মূলত সিলেট বিভাগের প্রায় ১০০টি নদ-নদীতে পানি প্রবাহিত হয়। সুরমা নদীর উৎসমুখে অবস্থিত দুটি গ্রামের সাতজন বাসিন্দা বলেন, গত ২০ বছরের ব্যবধানে নদীত্রয়ের উৎসমুখে পলি জমে একটি টিলাসদৃশ চর তৈরি হয়েছে। চরটি কুশিয়ারা নদীর জন্য বাধা সৃষ্টি না করলেও সুরমা নদীতে যথাযথভাবে পানি প্রবাহিত হতে পারছে না। এই অবস্থায় খননেরও উদ্যোগ নেওয়া হচ্ছে না।
সম্প্রতি ত্রিমোহনাস্থলে সরেজমিনে দেখা গেছে, বরাক নদের পানি সরাসরি কুশিয়ারা নদীতে মিশছে। অন্যদিকে বেশ খানিকটা ডানে মোড় নিয়ে বরাকের পানি সুরমা নদীতে গিয়ে মিশছে। কুশিয়ারায় পানির তীব্র স্রোতোধারা থাকলেও সুরমায় তা একেবারেই স্থির। পানিপ্রবাহে মূলত বাধা দিচ্ছে টিলাসদৃশ চরটি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, দেশের অন্যতম দীর্ঘ সুরমা নদীর দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার। নদীর উৎসমুখ জকিগঞ্জের অমলশিদ থেকে সিলেট পর্যন্ত এ নদীর দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। পানির স্রোত না থাকায় গত দুই দশকের ব্যবধানে এ দূরত্বের অন্তত ১২ কিলোমিটার অংশে ৩৫টি ছোট-বড় চর জেগেছে। শুষ্ক মৌসুমে সুরমায় ৫ শতাংশও পানি প্রবাহিত হয় না। এসব চর অপসারণের পাশাপাশি নদী খনন করা না হলে শিগগিরই এটি মৃতপ্রায় নদীতে পরিণত হবে।
তিনটি নদীর মিলনস্থল-সংলগ্ন অমলশিদ গ্রামের বাসিন্দা ফয়জুর রহমান (৭৫) বলেন, ১৯৬৫ সালের পর সুরমা নদীটি খননের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একটি চর তো বর্ষা মৌসুমেও ডোবে না। দূর থেকে দেখলে মনে হয় যেন একটা টিলা।
সুরমা নদীতীরবর্তী বারঠাকুরী গ্রামের বাসিন্দা কুতুবউদ্দিন (৭৪) বলেন, ‘নদী ভরাউট অইছে। কাটার (খনন) ব্যবস্থা নি-রা না তো কেউ!’ জকিগঞ্জের সোনাশাহের বাজার এলাকার ব্যবসায়ী সেলিম আহমদ (২৮) বলেন, সুরমা নদী দিয়ে কম পানি প্রবাহিত হওয়ায় উপজেলার বিভিন্ন অঞ্চলে ঠিকমতো পলি পড়ছে না। এই অবস্থায় কৃষিকাজে ব্যাঘাত ঘটছে।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী বলেন, নদীর উৎসমুখ খননের বিষয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। যেহেতু সুরমা ও কুশিয়ারা নদীর শাখা হিসেবে সিলেটের অন্যান্য নদীর উৎপত্তি, তাই অমলশিদের এই উৎসমুখ খনন না হলে পুরো সিলেট অঞ্চলের সব কটি নদ-নদীই একসময় বিপন্ন হয়ে পড়বে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সিরাজুল ইসলাম সুরমা ও কুশিয়ারা নদীর উৎসমুখ দ্রুত খননের প্রয়োজনীয়তা রয়েছে বলে স্বীকার করেছেন। তিনি বলেন, যৌথ নদী হওয়ায় বাংলাদেশ ও ভারতের মতামতের ভিত্তিতে যৌথ নদী কমিশনের অনুমতি নিয়েই খননকাজে অগ্রসর হতে হবে। যদিও এটি একটি সময়সাপেক্ষ কাজ, এরপরও দ্রুতগতিতে তা শুরু করা প্রয়োজন।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ১৯৯৬-৯৭ সালে দুই রাষ্ট্রের মতামতের ভিত্তিতে জরিপ চালিয়ে নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সে সময় কাজটি কোনো এক কারণে আর এগোয়নি। নদীটি খননের প্রয়োজনীয়তা উল্লেখ করে উদ্যোগ নেওয়ার ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।