সিলেট নগরের মধ্য দিয়ে প্রবাহিত নদী সুরমা পারাপারের জন্য রয়েছে আটটি খেয়াঘাট। ঘাট লাগোয়া নদীতীরের বাসিন্দারা ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে পরিবেশ দূিষত হচ্ছে।
ঘাটগুলো নগরের কাজিরবাজার, কালীঘাট, ঝালোপাড়া, কদমতলী, শেখঘাট, তোপখানা, চাঁদনীঘাট ও মাছিমপুর অংশে অবস্থিত।
স্থানীয় লোকজনের অভিযোগ, কাজিরবাজার, কালীঘাট, শেখঘাট ও কদমতলী অংশে নগরের সর্ববৃহৎ পাইকারি সবজি, মাছ, ফল ও রকমারি দ্রব্যের হাট থেকে ব্যবসায়ীরা তাঁদের উচ্ছিষ্ট ও পরিত্যক্ত ময়লা-আবর্জনা নদীতীরে ফেলছেন। দিন-রাত সমানতালে প্রকাশ্যে আবর্জনা ফেলে নদীদূষণ চলছে। পরিবেশ অধিদপ্তর বা সিটি করপোরেশন এসব বন্ধে কার্যকর কোনো ভূমিকা রাখছে না।
সরেজমিনে দেখা গেছে, খেয়াঘাটগুলোর পাশেই ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে। কলার কাঁদি, পচে যাওয়া সবজি, নারকেল ও সুপারির বাকল, রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাবার, ক্লিনিক্যাল বর্জ্য, বোতল ও প্লাস্টিকজাত দ্রব্য, পরিত্যক্ত নানা সামগ্রী স্তূপের মধ্যে রয়েছে। এসব আবর্জনা গড়িয়ে নদীর পানিতে গিয়ে মিশছে। মশা-মাছি উড়ছে।
ঘাটগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুরবস্থায় রয়েছে কালীঘাট অংশ। এ অংশে খেয়াঘাটের যাত্রী ওঠার সিঁড়ির দুই পাশে আবর্জনা এত বেশি পরিমাণে ফেলা হচ্ছে, যা ঠেলে যাত্রীদের তীরে উঠতে হচ্ছে। প্রতিদিনই ওই ঘাটের পাশে আবর্জনা ফেলায় এটি এখন অনেকটাই ছোটখাটো টিলার মতো হয়ে পড়েছে। কদমতলী ফলের আড়ত ঘাটেরও প্রায় একই অবস্থা।
কাজিরবাজার ঘাটে কলার কাঁদি, নারকেল ও সুপারির বাকল, পরিত্যক্ত বস্তা, বোতল ও প্লাস্টিক ফেলে আবর্জনার স্তূপ বানিয়ে ফেলা হয়েছে। চাঁদনীঘাটের অংশে মানুষজন নিয়মিত প্রস্রাব-পায়খানা করায় পুরো এলাকা দুর্গন্ধময় থাকে। শেখঘাট অংশে নগরের সর্ববৃহৎ মাছের আড়ত থাকায় সেখানে নিয়মিত পচা ও গলে যাওয়া মাছ ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। স্থানীয় লোকজন বাসাবাড়ি ও দোকানের আবর্জনা ফেলায় একই অবস্থা বিরাজ করছে ঝালোপাড়া, তোপখানা ও মাছিরপুর অংশে।
কাজিরবাজার খেয়াঘাটের যাত্রী দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা কিসমতুল হাসান বলেন, নদীতীরে যত্রতত্র আবর্জনা ফেলে রাখায় পরিবেশ দূষিত হচ্ছে। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নগরের সৌন্দর্যও এতে বিনষ্ট হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ছালাহ উদ্দীন চৌধুরী বলেন, ‘ঘাটে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হয়ে থাকলে এ বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষের দেখার কথা। এতে আমাদের করণীয় কিছু নেই। কর্তৃপক্ষ নিয়মিত আবর্জনা অপসারণ না করায় এমন অবস্থার সৃষ্টি হয়ে থাকতে পারে।’
তবে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক শাহ শাহেদা বলেন, ময়লা-আবর্জনার মাধ্যমে নদী দূষিত হওয়ায় কোনোভাবেই পরিবেশ অধিদপ্তর এটির দায় এড়াতে পারে না। অন্যদিকে সিটি করপোরেশন কর্তৃপক্ষের নিয়মিত ময়লা অপসারণের পাশাপাশি সেটি রোধে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘সুরমা নদীর ঘাট লাগোয়া তীরে আবর্জনা ফেলে পরিবেশ ও নদী দূষণ করা হচ্ছে—এটি আমাদেরও নজরে এসেছে। কারা কখন এসব আবর্জনা ফেলছে, তা দেখে ব্যবস্থা নেওয়া হবে। আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সচেতনতামূলক বৈঠকও করা হবে।’