সুরমার তীর খুঁড়ে ‘সিদল’ ব্যবসা
নদীতীরে তৈরি স্থাপনা! চটের বস্তা দিয়ে চারদিক মোড়ানো। ভেতরে চলছে মাটি খোঁড়াখুঁড়ি। দুই থেকে তিন ফুট গভীর একেকটি গর্ত করে সেখানে পুঁতে রাখা হচ্ছে মাটির-মটকি। উপর্যুপরি পায়ের চাপ দিয়ে মটকিতে পুঁটি মাছের শুঁটকি ভরার কাজ চলছে। মটকিভর্তি শুঁটকি মাটির গর্তে সপ্তাহখানেক রাখলে ‘সিদলে’ রূপান্তর হয়। একটু নরম ও ঝাঁঝালো গন্ধের বিশেষ এই শুঁটকি সিলেট অঞ্চলে ‘সিদল’ নামে পরিচিত। শুষ্ক মৌসুমে সিদলের দাম ও চাহিদা—দুটোই বেশি। তাই নগরের সবচেয়ে বড় শুঁটকির বাজার মাছিমপুর এলাকায় সুরমা নদীর তীরে এ রকম কয়েকটি স্থাপনার আড়ালে চলছে যত্রতত্র নদীতীর খোঁড়াখুঁড়ি। মাটি খুঁড়ে মটকি রেখে সপ্তাহখানেক পর আবার সরিয়ে নেওয়ায় খোঁড়াখুঁড়ির অংশে গর্ত থেকেই যাচ্ছে। মাছিমপুরে আধ কিলোমিটারজুড়ে এমন কয়েক হাজার গর্ত আছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, নদীতীরে এমন গর্ত থাকা বর্ষা মৌসুমের জন্য ঝুঁকিপূর্ণ। এতে নদীভাঙনের আশঙ্কা রয়েছে। পাশাপাশি শুঁটকি ও সিদলের উৎকট গন্ধে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। জানা গেছে, শুকনো শুঁটকি কেজিপ্রতি ৯০ থেকে ১২০ টাকায় কিনে সিদলে রূপান্তর করলে দাম ২২০ থেকে ২৭০ টাকায় গিয়ে দাঁড়ায়। নদীতীর ব্যবহার হচ্ছে শুঁটকি ব্যবসায়ীদের অধিক মুনাফার আশায়—এ কথা স্বীকার করে একজন শুঁটকি ব্যবসায়ী জানান, এ রকম আগে হতো না। বাজারে ফাঁকা জায়গা দিন দিন কমে যাওয়ায় নদীতীরকে ব্যবহার করতে অনেকেই বাধ্য হচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, সিদল তৈরির ব্যবস্থা মাছিমপুর শুঁটকির বাজারে প্রায় প্রতিটি আড়তেই আছে। তা সত্ত্বেও একশ্রেণীর ব্যবসায়ী বেশি সিদল উৎপাদন করতে নদীতীরকে অবৈধভাবে ব্যবহার করছেন। সুরমা নদীর উত্তর তীরে অবস্থিত মাছিমপুর বাজারের প্রায় আধা কিলোমিটার অংশজুড়ে দেখা গেছে পাশাপাশি তিনটি স্থাপনা। এসব স্থাপনার ভেতরে সহস্রাধিক খালি মটকি রাখা হয়েছে। নদী পথে এসব মটকি এনে ওই সব স্থাপনায় চলে সিদল তৈরির কাজ। এতে পালাক্রমে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন দৈনিক মজুরিভিত্তিক ২০-২৫ জন শ্রমিক।শ্রমিকেরা জানান, বাজারের মধ্যে শুঁটকি ব্যবসায়ীদের দুই শতাধিক আড়ত রয়েছে। স্থান সংকুলান না হওয়ায় শুধু শুষ্ক মৌসুমে নদীতীর এভাবে ব্যবহূত হয়। প্রতিদিন তাঁরা ৭০-৯০টি মটকি পুঁতে রাখতে পারেন। প্রতি মটকিতে ৫০ কেজি শুঁটকি থাকে। এভাবে প্রায় আধা কিলোমিটার অংশের নদীতীরে কয়েকটি সারিতে কয়েক হাজার মটকি গর্ত করে রাখা হয়েছে। নদীতীরের বাসিন্দারা জানান, যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে কাজ শেষে গর্ত ভরাট না করায় বাজার অংশে নদীতীর দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারে না। পাশাপাশি শুঁটকির উৎকট গন্ধ আশপাশের পরিবেশ নষ্ট করছে। তীর খুঁড়লে ছড়া-নালার গতিপথ পরিবর্তন হয়ে বর্ষায় নদীভাঙনসহ নানা রকম ঝুঁকির আশঙ্কা থাকে বলে প্রথম আলোকে জানান, পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম। তিনি আরও বলেন, ‘এ কাজ আসলে সাময়িক বলে মনে হচ্ছে। তা ছাড়া ওই এলাকা পাউবোর তীর সংরক্ষণ প্রকল্পের মধ্যে না থাকায় ঠিকমতো নজরদারি রাখা সম্ভব হচ্ছে না।’ সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, নদীতীর খোঁড়াখুঁড়ি করার বৈধতা কারও নেই। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।