সুরমায় নিখোঁজ একই পরিবারের আরও তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের আরও তিন শিশুর মৃতদেহ গতকাল শনিবার বিকেলে উদ্ধার করা হয়েছে। শুক্রবার আরও চারজনের লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের পার্শ্ববর্তী সুরমা নদীতে এই নৌকাডুবি ঘটে। এ নিয়ে সাতজনের লাশ উদ্ধার করা হলো।পুলিশ জানায়, গতকাল বিকেলে ডুবুরিরা নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার নূরপুর গ্রামের লাইলি বেগমের তিন সন্তান তোসামণি (১০), সোনিয়া (৮) ও খোকামণির (৫) মৃতদেহ উদ্ধার করেন। শুক্রবার লাইলি বেগম (৩৫) ও তাঁর আরেক ছেলে মাজহারুলের (৩) মৃতদেহ উদ্ধার করা হয়।লাইলি বেগমের মামাতো ভাই দীন ইসলাম জানান, চার ছেলেমেয়ে নিয়ে লাইলি বেগম সুনামগঞ্জের জগন্নাথপুরে এক আত্মীয়বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবিতে সবাই মারা যায়। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, এখানো উদ্ধারকাজ চলছে। আরও একজন নিখোঁজ রয়েছে বলে স্বজনেরা দাবি করছেন।