সুরমায় নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

শরতের আকাশে কালো মেঘের ভেলা। মেঘে-রোদে চলছে লুকোচুরি। কখনো বা ঝুম বৃষ্টি। এর মধ্যেই সিলেটের সুরমা নদীতে নৌকাবাইচ। বর্ণাঢ্য এই আয়োজন দেখতে সুরমাতীরের কুশিঘাট থেকে ঐতিহ্যবাহী কিনব্রিজ ও চাদনিঘাট পর্যন্ত ঢল নামে মানুষের। বাইচের ‘নাও’ সুরমার জলে ঢেউ তোলে, আর তীরে উন্মাতাল হাজারো মানুষ। তাদের কণ্ঠে প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গান—‘ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়...’।
বাংলাদেশ রোয়িং ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল শনিবার সিলেটের সুরমা নদীর কিনব্রিজ ও চাঁদনিঘাট এলাকায় অনুষ্ঠিত হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। মুঠোফোন কোম্পানি বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা এ আয়োজন করে। এবার ছিল এ আয়োজনের সপ্তম আসর।
বেলা দুইটায় নৌকাবাইচ শুরু হওয়ার কথা থাকলেও এর ঘণ্টা দেড়েক আগে থেকেই মানুষ নদীতীরে ভিড় করতে থাকে। সুরমার ওপর ব্রিটিশ ঐতিহ্যের স্মারক লোহার তৈরি কিনব্রিজ রূপ নেয় ‘মানবব্রিজে’। নদীতীরের চাঁদনিঘাটের সিঁড়ি, সার্কিট হাউস, উঁচু দালানসহ শাহজালাল তৃতীয় সেতু পর্যন্ত উৎসুক মানুষের ভিড় ছিল লক্ষ করার মতো। সবার চোখ ছিল নদীর বুকে।
বাইচের নৌকার সঙ্গে ভেসে বেড়ানো ‘আরকুম শাহ শিল্পীগোষ্ঠী’ ভাসমান নৌকা দিয়ে মাইকযোগে পরিবেশন করে সিলেট অঞ্চলের বাউলসাধকদের লেখা জনপ্রিয় গান। গানের তালে সুর মেলায় আগত লোকেরাও। গাওয়া হয় শাহ আবদুল করিমের লেখা ‘বাইচ্ছা বাইচ্ছা পাইক তুলিয়া নাওখানা সাজাও’, ‘কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়’সহ অসংখ্য গান। এসব গানের সুর ঢেউ তোলে নদীতীরেও।
‘ময়ূরপঙ্খি’, ‘কোষা’ ও ‘পূবালি’—তিন ক্যাটাগরিতে (বিভাগ) প্রতিযোগিতা হয়। তিন পর্বে তিনটি নৌকাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করে সর্বমোট নয়টি নৌকাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় টেলিভিশন। তিন বিভাগে যথাক্রমে এখলাছুর রহমান, সাইদুর রহমান ও আতাউর রহমানের বাইচের দল চ্যাম্পিয়ন হয়।
বেলা আড়াইটায় নৌকাবাইচ উপভোগ করতে সুরমা নদীর তীরে স্থাপিত মঞ্চে উপস্থিত হন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
সিলেট বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলালিংকের আঞ্চলিক ব্যবস্থাপক আশিক ইকবাল, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক মনিরুল আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী বক্তব্য দেন।