সুরমায় পানিদূষণের প্রমাণ মিলেছে
সিলেটের কাজীর বাজারের কাছে সুরমা নদীতে ‘মজাইল গুয়া’ পচানোয় পানিতে ভয়াবহ মাত্রায় দূষণ ধরা পড়েছে। গত ২৫ জানুয়ারি প্রথম আলোয় ‘সুপারি পচানোর কারবারে চলছে সুরমায় দখল-দূষণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর পানি পরীক্ষা করে দূষণের মাত্রা নিরীক্ষা করেছে। দূষণ ভয়াবহ হওয়ায় পরিবেশ অধিদপ্তর আট ব্যবসায়ীকে এ ব্যাপারে নোটিশ দিয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে পরীক্ষার জন্য পানি সংগ্রহ করে। বিশেষজ্ঞদের মাধ্যমে ওই পানি পরীক্ষা করে দূষণের বিষয়টি নিশ্চিত হওয়ায় গত মঙ্গলবার আট ব্যবসায়ীকে নোটিশ পাঠানো হয়েছে। সুরমার পানি দূষণমুক্ত রাখতে বিশেষজ্ঞদের নির্দেশ অনুযায়ী সুপারি পানিতে আর পচানো যাবে না বলে নোটিশে উল্লেখ করা হয়।পরিবেশ অধিদপ্তর সিলেটের উপপরিচালক জিল্লুর রহমান জানান, সুপারি পচানোর কারণে পানি দূষিত হচ্ছে। তার আশপাশের পানির মান ও দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ পরীক্ষা করে ভয়াবহ অবস্থার লক্ষণ পাওয়া গেছে। এ ছাড়া অম্লত্বের পরিমাণও বেড়েছে, যা পান করলে বিভিন্ন রোগের আশঙ্কা রয়েছে। চিহ্নিত আট ব্যবসায়ী নোটিশ পেয়ে সুপারির বস্তা পানি থেকে না তুললে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নদী আইন অনুযায়ী মামলা করা হবে।