সুরমায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
সিলেটে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. জমির হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, চাচা আবদুর রশিদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত জমির হোসেনের কিছু জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেল চারটার দিকে আবদুর রশিদের নেতৃত্বে কয়েকজন লোক দেশি অস্ত্র নিয়ে জমিরের বাড়িতে যায়। এ সময় জমিরসহ তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। রশিদের পক্ষে থাকা লোকজনের মধ্যে সেবুল মিয়া নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে জমিরের মাথায় আঘাত করেন। এতে জমির ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়। আহত সাবিনার মৃত্যু: ছেলের ছুরিকাঘাতে নিহত যুক্তরাজ্যপ্রবাসী আফতাব আলীর (৬৫) ছেলের বউ সাবিনা আক্তার (৩০) গতকাল মঙ্গলবার বিকেলে মারা গেছেন। গত রোববার সন্ধ্যায় নগরের আখালিয়ার নিজ বাসায় ছেলে আক্তার হোসেনের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান আফতাব। তাঁকে রক্ষা করতে আক্তারের স্ত্রী সাবিনা এগিয়ে এলে তিনিও ছুরিকাহত হন।