সুরমায় ভাঙন, হুমকিতে বাজার বিদ্যালয় ও ইউপি ভবন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষী আমবাড়ি বাজার, বিদ্যালয়ের খেলার মাঠ, বসতভিটাসহ নানা স্থাপনা। স্থানীয় লোকজন সরকারের কাছে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।
স্থানীয় লোকজন জানান, ৮-১০ বছর আগে উপজেলার দুই কিলোমিটারজুড়ে সুরমা নদীর ভাঙন শুরু হয়। গত দুই বছর ভাঙন আরও তীব্র হয়। ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমবাড়ি বাজার এবং জুগিরগাঁও ও ধনপুর গ্রাম।
সরেজমিনে দেখা গেছে, ভাঙনে ইতিমধ্যে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজারের অর্ধশতাধিক দোকানপাট ও আমবাড়ি উচ্চবিদ্যালয়ের খেলা মাঠের বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সরজেমিনে আরও দেখা গেছে, বাজারের উত্তরে সুরমা নদীর তীরে সরকারি খাদ্যগুদাম। গুদামের পাকা ভবনটির অর্ধেক ভেঙে নদীতে পড়েছে। ভবনটি এখন পরিত্যক্ত। এই ভবন থেকে ৩০-৪০ ফুট উত্তরে মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ ভবন। ২০০৬ সালে ভবনটি নির্মাণ করা হয়। এখন ইউপি ভবনটিও ঝুঁকিতে রয়েছে। বাজারের পশ্চিমে আমবাড়ি উচ্চবিদ্যালয় ও নদীতীরে বিদ্যালয়ের খেলার মাঠ। মাঠের প্রায় অর্ধেক বিলীন হয়ে গেছে। বাজারের পূর্বে জুগিরগাঁও ও ধনপুর গ্রাম। জুগিরগাঁও গ্রামের মসজিদ ও নদীতীরের পাকা সড়ক তিন বছর আগে বিলীন হয়ে গেছে। একদিকে নদী ভাঙছে, অন্যদিকে মানুষ বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।
জুগিরগাঁও গ্রামের বাসিন্দা আবদুল কাদির জানান, গ্রামের পুরোনো মসজিদটি ভেঙে নদীতে চলে যাওয়ায় অন্য পাশে আরেকটি নতুন মসজিদ করা হয়েছে। নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে গ্রামের ৩০-৪০টি পরিবার গ্রামের দক্ষিণ দিকে সরকারি খাসজমিতে গিয়ে আশ্রয় নিয়েছেন। নদীর তীরে থাকা পাকা রাস্তাটির বেশ কিছু অংশও নদীতে চলে গেছে।
জুগিরগাঁও গ্রামের আশ্বাবুন্নেসা জানান, প্রতিবছর নদী ভাঙে আর তাঁরা ঘর সরান। এখন আর সরানোর জায়গা নেই। ঘরটি নদীতে চলে গেলে গ্রাম ছাড়তে হবে।
বাজারের খেয়াঘাটের পাশের দোকানি রফিক উদ্দিন ও মনির মিয়া বলেন, তাঁদের দোকানের সামনে আরও ১০-১২টি দোকান ছিল। সব নদীতে চলে গেছে। এখন ভাঙন তাঁদের দোকানের দরজার সামনে এসে থেমেছে। হয় তো আগামী বর্ষায় তাঁদের এখান থেকে চলে যেতে হবে। মনির উদ্দিন বলেন, ‘বছর বছর অফিসাররা আইসা দেইখা যায়। কোনো কাজ আর হয় না।’
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. তাহের উদ্দিন বলেন, ‘গত ১০ বছরে বাজারের অন্তত ৫০টি দোকানঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কারণে মাছ ও সবজির বাজার স্থানান্তর করতে হয়েছে। পুরো বাজারটি এখন নদীভাঙনের হুমকিতে আছে। আমরা গত বছর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের কাছে নদীভাঙন বন্ধ করার জন্য লিখিত দিয়েছি, মানববন্ধন করেছি। কিন্তু বাজার রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন, ‘নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না দিলে ইউপি ভবনটিও একসময় রক্ষা করা যাবে না। আমি দায়িত্ব নেওয়ার পরই পানিসম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তাঁরা এখানে একটি প্রকল্প নেওয়া হবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন।’
পাউবো সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেছেন, সুরমা নদীর ভাঙনরোধে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে দেওয়া আছে। সেটি অনুমোদন করা হলে আমবাড়ি বাজারসহ অন্যান্য ভাঙনকবলিত এলাকায় কাজ হবে।