সুরমায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরমা নদীতে বাঁধ দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকের সীমান্তবর্তী পারকুল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ গতকাল বুধবার বিকেলে উদ্ধার করা হয়েছে। এঁরা হলেন ছাতকের শংকরপুর গ্রামের জমসিদ আলী (৩৫) ও কালারুকা গ্রামের জালাল মিয়া (৩০)। বিকেল সাড়ে পাঁচটায় সুরমা নদীর মাধবপুর এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে সুরমা নদীতে বাঁধ দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে ছাতকের কালারুকা, শংকরপুর ও কোম্পানীগঞ্জের পারকুল, কলাপাড়া, টিলাপাড়া ও পুটামারা গ্রামবাসীর দুটো পক্ষের সংঘর্ষে শহীদুল ইসলাম নামের একজন নিহত ও চারজন নিখোঁজ হন। গতকাল দুজনের লাশ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ছাতকের কালারুকা গ্রামের তাজ উদ্দিন ও শংকরপুর গ্রামের ইউসুফ আলী।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ছাতকের মাধবপুর এলাকায় সুরমা নদীর বাঁক থেকে দুজনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিখোঁজ অপর দুজনের খোঁজে পুলিশ সচেষ্ট রয়েছে।