সুরমায় ‘জনস্বার্থে’ বাঁশের সাঁকো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে খেয়াঘাট। পালা করে দিনে-রাতে ১০টি নৌকা চলে। জনপ্রতি পারাপার এক টাকা। ঘাটের উজানে নদীর এপার-ওপার বরাবর বাঁশের সাঁকো। খেয়ানৌকায় বিলম্বিত পারাপার যাদের পছন্দ নয়, তাদের সুবিধার্থে এই সাঁকো। খেয়ানৌকার বিকল্প হিসেবে সাঁকো দিয়ে যাতায়াতকারীদের কাছ থেকে ‘বন্ধকি’ প্রথায় ভাড়াও আদায় করেন ঘাটের ইজারাদার।সিলেটে সুরমা নদীর উজান অংশে কানাইঘাট উপজেলার পশ্চিম প্রান্তের দর্পনগর-মমতাজগঞ্জ এলাকার সরকারি ইজারায় বন্দোবস্ত দেওয়া খেয়াঘাটে এ রকম দ্বৈত ব্যবস্থা চালু করেছেন ইজারাদার। শুষ্ক মৌসুমে দ্বিগুণ আয়ের কৌশল হিসেবে ইজারাদার ‘জনস্বার্থে’ এই ব্যবস্থার প্রচলন করায় প্রায় এক মাস ধরে চলছে খেয়ার পাশে সাঁকোয় পারাপার।সিলেট ও সুনামগঞ্জের নয়টি উপজেলা দিয়ে প্রবহমান সুরমায় ইজারাভুক্ত আর কোনো খেয়াঘাটে এ রকম সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এপার-ওপার সাঁকো দিয়ে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ করা আইনবিরুদ্ধ হলেও স্থানীয় মানুষের সুবিধার অজুহাত দেখিয়ে ইউনিয়ন পরিষদ ব্যাপারটি ‘জনস্বার্থ’ বলে দাবি করছে।কানাইঘাটের দর্পনগর-মমতাজগঞ্জ এলাকায় সুরমা নদীর খেয়াঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর দক্ষিণ দিকে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পলি ও চর পড়েছে। এ কারণে দক্ষিণ দিক থেকে নদী অতিক্রম করতে প্রায় ১০০ গজ পায়ে হাঁটতে হয়। পায়ে হাঁটার দূরত্বে খেয়ার পাশাপাশি প্রায় ১০০ ফুট দীর্ঘ সাঁকো চালু করেন ইজারাদার।এলাকাবাসীর ভাষ্যমতে, সুরমার উত্তর ও দক্ষিণের মমতাজগঞ্জ, নারায়ণপুর, ছোটফৌদ, মুফতিরপাড়া, বড়কেওর, এরালিগোল, দর্পনগর (পূর্ব), করমহাটিসহ ১০টি মহল্লার সঙ্গে লোকসংখ্যা অনুপাতে ‘বন্ধকি’ প্রথায় একটি ত্রৈমাসিক চুক্তিও রয়েছে ইজারাদারের। কয়েকজন এলাকাবাসী জানায়, খেয়ার ইজারা নিয়ে নদীর ওপর এভাবে সাঁকো দেওয়া ঠিক হয়নি এবং এতে ইজারাদারের দুই দিক থেকে লাভ হচ্ছে। কিন্তু এ নিয়ে কেউ কিছু বলছে না।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের জন্য খেয়াঘাটের মূল ইজারাদারের কাছ থেকে দুই লাখ ৪৫ হাজার টাকায় খেয়াঘাট ‘সাব লিজ’ নিয়েছেন নারায়ণপুর গ্রামের ফয়সল আহমদ। আর মূল ইজারাদার ‘সৌরভ এন্টারপ্রাইজ’। সাঁকো দেওয়ার বিষয়ে ফয়সল আহমদ বলেন, এলাকাবাসীর সুবিধার্থে তিনি সাঁকো দিয়েছেন এবং এর জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে তিনি দাবি করেন। বেলা সিলেট অঞ্চলের সমন্বয়কারী আয়েশা চৌধুরী বলেন, আইন অনুযায়ী নদী শাসন করে কোনো কিছু করতে গেলে অবশ্যই অনুমতিসাপেক্ষে জরিপ ছাড়া সম্ভব নয়। খেয়ানৌকা চালানোর জন্য ঘাটের ইজারা নিয়ে সাঁকো বসিয়ে দেওয়া আইনগতভাবে সমর্থনযোগ্য নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রউফ প্রথম আলোকে জানান, খেয়াঘাটে সাঁকো থাকবে আবার নৌকাও চলবে—এ রকম কোনো দ্বৈত নির্দেশনা কাউকে দেওয়া হয়নি। বিষয়টি সরেজমিনে দেখে তিনি ব্যবস্থা নেবেন।