সুরময় এক শীতের সন্ধ্যা
নানা রঙের ফুলে সাজানো মঞ্চের আলো-আঁধারিতে তানপুরায় সুর বেঁধে নিচ্ছেন শিল্পী। অন্য যন্ত্রীরাও শেষবারের মতো নিজ নিজ যন্ত্র পরীক্ষা করে নিচ্ছেন। মঞ্চের সামনে জ্বলছে বেশ কয়েকটি প্রদীপ। সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরুর ঘোষণার সঙ্গে সঙ্গে মিলনায়তনের বাতি নিভে যায়, জ্বলে ওঠে মঞ্চের বাতি। অতুলপ্রসাদ সেনের ‘আবার তুই বাঁধবি বাসা দিয়ে’ গানের পালা শুরু করেন লুভা নাহিদ চৌধুরী। দ্বিতীয় গানটি ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আমরা এমনি এসে ভেসে যাই’। পরেরটিও দ্বিজেন্দ্রলাল রায়ের বৈতালিক সুরে ‘মলয় আসিয়া কয়ে গেছে’। এরপর তিনি অতুলপ্রসাদ ও দ্বিজেন্দ্রলাল রায়ের আরও কয়েকটি গান শুনিয়ে পরিবেশন করেন নজরুলসংগীত। ‘বাজে মৃদঙ্গ বীণা’, ‘তুমি কি আসিবে’সহ বেশ কয়েকটি গান করেন। শেষ পরিবেশনা ছিল অতুলপ্রসাদ সেনের বৈতালিক ‘যখন গাওয়াও তুমি গান’।গতকাল শুক্রবার গুলশান ক্লাবের ল্যামডা মিলনায়তনে লুভা নাহিদ চৌধুরীর এই একক সংগীত সন্ধ্যার আয়োজন করে সিটিব্যাংক এনএ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক মামুন রশীদ।লুভা নাহিদ চৌধুরী মিথুন দের তত্ত্বাবধানে ভারতীয় উচ্চাঙ্গসংগীত চর্চা শুরু করেন ১৯৭৫ সালে। ১৯৮৮ সাল থেকে তিনি বরকত হোসেনের কাছে তালিম নিচ্ছেন। লুভা নাহিদ চৌধুরী বাংলার পঞ্চকবির মধ্যে চার কবি অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং কাজী নজরুল ইসলামের গান ছাড়াও উচ্চাঙ্গসংগীত চর্চা করেন। এ পর্যন্ত তাঁর দুটি গানের অ্যালবাম বেরিয়েছে।