সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নামে জাদুঘর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নামে জাদুঘর উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করার ইচ্ছায় যে বাড়িটি আলাউদ্দিন খাঁ কিনেছিলেন, সেই বাড়িটি এখন ‘সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাংগন’।আলাউদ্দিন খাঁ প্রয়াত হওয়ার পর থেকে দেশ-বিদেশ থেকে যত পর্যটক এবং গবেষকেরা এসেছেন, তাঁরা শুধু বাড়িটি দেখেই তৃপ্তি নিয়ে ফিরে গেছেন। এবার সংগীতপিপাসু, পর্যটক ও গবেষকদের তৃষ্ণা মেটাতে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। জেলা প্রশাসকের প্রচেষ্টায় সুরসম্রাট আলাউদ্দিন খাঁর বাড়িটির একটি কক্ষকে সুসজ্জিত করে প্রতিষ্ঠা করা হয়েছে ‘সুরসম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’। গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে এ জাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান বীর প্রতীক, গবেষক মুহাম্মদ মুসা, কবি জয়দুল হোসেন, ওস্তাদ হেলাল উদ্দিন, নাট্যজন মঞ্জুরুল আলম, সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাংগনের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, সদস্য হেলাল উদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, সংগীতশিল্পী ও সাংবাদিক পীযূষ কান্তি আচার্য্য, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান পারভেজসহ শতাধিক সংস্কৃতিকর্মী। নাট্যজন ও সাংবাদিক মঞ্জুরুল আলম বলেন, ‘জেলা প্রশাসক মো. আবদুল মান্নান আলাউদ্দিন খাঁর নামে জাদুঘর করে আমাদের সব সংস্কৃতিকর্মীর মনের আশা পূরণ করেছেন। আমরা চাই আলাউদ্দিন খাঁকে নিয়ে রাষ্ট্রীয়ভাবেও কর্মসূচি পালন করা হোক।’জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ‘সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে কিছু করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’