সুরসাধক বিদিত লাল দাশের সঞ্চরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত সুরসাধক বিদিত লাল দাশের সঞ্চরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় নগরের জিন্দাবাজার এলাকার মিউজিয়াম অব রাজাস প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘মেঠোসুর’-এর উদ্যোগে এ সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। সংগঠনের উপদেষ্টা আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম ও প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিমান তালুকদার। পরে বিদিত লাল দাশের সুর করা গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রকাশনা উৎসব: সিলেট সিটি করপোরেশনের মিলনায়তনে গতকাল বিকেল সাড়ে চারটায় মানস রায়ের লেখা নাট্যচতুষ্টয় গ্রন্থের প্রকাশনা উৎসব হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা সিদ্দিকা। কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সঞ্জয় নাথ।