সুরাইয়া কাল বাড়ি ফিরতে পারে
মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া কাল বৃহস্পতিবার দুপুর নাগাদ বাবা মায়ের কোলে চড়ে বাড়ি ফিরতে পারে। এখন পর্যন্ত সেভাবেই বিভিন্ন পরিকল্পনা এগোচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু সার্জারি বিভাগের চিকিৎসকেরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম কাল দুপুর ১২টার দিকে হাসপাতালে সুরাইয়াকে দেখতে যাবেন। তিনি সুরাইয়ার সার্বিক দিকের খোঁজখবর নেবেন। অন্যদিকে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতেই সুরাইয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া এবং মা নাজমা বেগম চাইলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি যেতে পারেন, আবার ঢাকায় কোনো আত্মীয়ের বাসায় থাকতে পারেন। কয়েক দিন কেবিনে রেখে সুরাইয়াকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত সে সুস্থ আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘কাল সকালে সুরাইয়ার বিষয়ে হাসপাতালের চিকিৎসকেরা বসবেন। সব দিক ভালো থাকলে কাল ওকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। হাসপাতালের চোখের চিকিৎসক সুরাইয়ার চোখ দেখেছেন। তিনি একটি গাইডলাইন করে দেবেন। সে অনুযায়ী সুরাইয়ার বাবা মাকে তা ফলোআপ করতে হবে।’