সুরাইয়া হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসুন, বখাটেদের রুখে দিই’—এ আহ্বানে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রথম আলো যশোর বন্ধুসভার উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শহরের চিত্রা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন যশোরের সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, বাংলাদেশ সনাতন ধর্ম সংঘ যশোরের সাধারণ সম্পাদক অখিল কুমার চক্রবর্তী, স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখো’র কো-চেয়ারম্যান সুমন হোসেন, ‘আহ্বান’-এর সভাপতি শান্ত খান, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের নির্বাহী পরিচালক তাসনিমুল ইসলাম, বন্ধুসভার সভাপতি লাকি কাপুডিয়া, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশীদ বলেন, মেয়েদের উত্ত্যক্ত করা একটি সামাজিক সমস্যা। শুধু পুলিশ দিয়ে এ সমস্যার সমাধান করা যাবে না। স্কুল-কলেজের সামনে যেখানেই বখাটেদের আড্ডা দেখা যাবে, সেখানেই প্রতিবাদ করতে হবে। সমাজের সবাইকে সোচ্চার হতে হবে।

বক্তারা অবিলম্বে সুরাইয়ার খুনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।