সুরাইয়াকে দেখতে বাড়িতে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ
মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ

মাতৃজঠরে গুলিবিদ্ধ হয়ে দেশ-বিদেশে আলোচিত শিশু সুরাইয়াকে দেখতে তাদের বাড়িতে হাজারো মানুষের ঢল নেমেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ দিন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে কাটানোর পর গত বৃহস্পতিবার রাতে সে বাড়ি ফেরে।
রাতেই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় সুরাইয়াদের বাড়িতে তাদের স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। কৌতূহলী প্রতিবেশীরাও অনেকে ভিড় করেন। আর রাত পোহানোর পর গতকাল শুক্রবার সারা দিনই বাড়িটিতে চলে মানুষের আনাগোনা।
প্রচারমাধ্যমের কল্যাণে অগণিত মানুষের কাছে পরিচিতি পেয়েছে সুরাইয়া। গুরুতর আহত হয়েও চিকিৎসকদের ঐকান্তিক চেষ্টায় প্রাণে রক্ষা পেয়েছে সে। তাকে নিয়ে তাই এলাকার বাসিন্দারা আবেগাপ্লুত। বাদ যাননি স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারাও।
সুরাইয়া বাবা-মায়ের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি পৌঁছায়। দীর্ঘ পথযাত্রার ক্লান্তিতে সে তখন বেঘোরে ঘুমাচ্ছে। শিশুটিকে দেখার জন্য জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ, পুলিশ সুপার এ কে এম এহ্সান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী এবং মাগুরা সদর হাসপাতালে সুরাইয়ার অস্ত্রোপচারকারী চিকিৎসক মো. শফিউর রহমানসহ অনেক মানুষ অপেক্ষা করছিলেন।
জেলা প্রশাসক মাহবুবর রহমান সুরাইয়ার মা নাজমা খাতুনের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘সুরাইয়া ও তার পরিবারের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, আমরা যেন সেদিকটা লক্ষ রাখি।’
পুলিশ সুপার এহ্সান উল্লাহ বলেন, ‘দোয়ারপাড় এলাকাটি সন্ত্রাসপ্রবণ। তবে এখানে আর কোনো সন্ত্রাসী সৃষ্টি হতে দেওয়া হবে না। মানুষ এখন শান্তিতে জীবনযাপন করবে।’
চিকিৎসক শফিউর রহমান বলেন, ‘আমরা এখনো মা ও শিশুর সব রকম চিকিৎসা দিতে প্রস্তুত। নাজমা বলেছেন, সুরাইয়াকে ভবিষ্যতে চিকিৎসক বানাতে চান। আমরা সে ব্যাপারেও সহযোগিতা করতে চাই।’
নাজমা খাতুন বলেন, সুরাইয়াকে দেখতে গতকাল সকাল থেকে মানুষের ভিড় আরও বেড়ে যায়। অনেকে সুরাইয়াকে কোলে তুলে নেন। তবে সে প্রায় সারা দিনই ঘুমিয়ে কাটিয়েছে।
মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ২৩ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩৫) তলপেটে গুলিবিদ্ধ হন। সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি গুলিবিদ্ধ কন্যাশিশুর জন্ম দেন। দুই দিন পর গুলিবিদ্ধ শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নেওয়া হয় মাকেও। ওই ঘটনায় গুলি ও বোমায় আহত নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) মারা যান।