
বাচ্চু ভূঁইয়া-নাজমা খাতুন দম্পতির ঘরে এবার অন্য রকম ঈদের আমেজ। দুই মাস বয়সী শিশুসন্তান সুরাইয়ার জন্য বাবা বাচ্চু ভূঁইয়া সাত দিন আগেই ঈদের কেনাকাটা সেরে রেখেছেন। যদিও বাড়ির অন্য কারও জন্য গতকাল বুধবার পর্যন্ত কিছু কেনা হয়নি।
মায়ের পেটে থাকতেই গুলিবিদ্ধ হয়ে দেশজুড়ে আলোড়ন তোলা সুরাইয়ার বয়স দুই মাস পূর্ণ হয়েছে গতকাল। হাসিখুশি ফুটফুটে সুরাইয়াকে এদিন দেখে মনেই হলো না যে, তার ছোট্ট তুলতুলে শরীর বুলেটে বিদ্ধ হয়েছিল। সব ধকল কাটিয়ে সুরাইয়া এখন সুস্থ-সবল। কাউকে দেখলেই একগাল হেসে ওঠে। কোলে যাওয়ার জন্য ছোট ছোট হাত-পা ছুড়তে থাকে।
পেটের ভেতর গুলিবিদ্ধ হওয়ার পরও সন্তান বেঁচে যাবে—তা কল্পনাও করেননি মা নাজমা খাতুন। তাই সুরাইয়ার প্রতি যেন তাঁর একটু বাড়তি আদর। অন্যবারের চেয়ে নাজমার কাছে এবারের ঈদ আলাদা। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্বপ্নেও ভাবি নাই আমার বাবুটাকে নিয়ে ঈদ করব। ওর বাবা তো মেয়ের জন্যি পাগল। খুশিতে সাত দিন আগেই মেয়ের জন্যি তিনটা নতুন জামা কিনে এনেছে। আপনারা ওর জন্যি দোয়া করবেন।’
দশম শ্রেণিতে পড়া কিশোর ভাই নাজমুল আর বোন চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়ারও এবারের ঈদের সব আনন্দ সুরাইয়াকে ঘিরে। তারা ছোট বোনকে নিয়ে সব সময় মেতে থাকছে। ঈদে গতকাল পর্যন্ত তাদের জন্য কিছু কেনা না হলেও বাবা সুরাইয়ার জন্য নতুন জামা কিনে আনায় দুজনই মহাখুশি।
বাচ্চু ভূঁইয়া বলেন, ‘মেয়েটা আমার খুউব সুন্দর হইছে। পরির মতো। আমি ঈদে ওর জন্যি তিনটে জামা কিনছি। কিন্তু জামাগুলো ওর মার পছন্দ হয়নি। তাই আরেকটা জামা কিনতি হবে।’
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন। গুলি তাঁর গর্ভের শিশুকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে। পরে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নাজমা গুলিবিদ্ধ কন্যাশিশুর জন্ম দেন। বেশ কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড়ভাবে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠে শিশু সুরাইয়া। গত ২০ আগস্ট বাবা-মা তাকে নিয়ে বাড়ি ফেরেন। ওই সংঘর্ষের মধ্যে পড়ে নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) নিহত হন।