সুরাইয়ার এক চোখেই পুরো পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় মাতৃজঠরে গুলিবিদ্ধ হয়ে আলোচিত শিশু সুরাইয়া ডান চোখে দেখতে পায় না। এক চোখেই সে দেখছে পৃথিবীর রূপ, মা-বাবার হাসি। ছবি: প্রথম আলো
মাগুরায় মাতৃজঠরে গুলিবিদ্ধ হয়ে আলোচিত শিশু সুরাইয়া ডান চোখে দেখতে পায় না। এক চোখেই সে দেখছে পৃথিবীর রূপ, মা-বাবার হাসি। ছবি: প্রথম আলো

মাগুরায় মাতৃজঠরে গুলিবিদ্ধ হয়ে দেশ-বিদেশে আলোচিত শিশু সুরাইয়া ডান চোখে দেখতে পায় না। এক চোখেই সে দেখছে পৃথিবীর রূপ, মা-বাবার হাসি। এক চোখে দেখে না তাতে কী, মেয়ে বেঁচে তো আছে। সুস্থ অবস্থায় সে খেলছে, হাসছে, কান্নাকাটি করছে—এটাই যেন এখন সুরাইয়ার মা নাজমা পারভীন ও বাবা বাচ্চু ভূঁইয়ার পরম পাওয়া।

আজ মঙ্গলবার এক বছর চার মাস বয়সী সুরাইয়া তার মা-বাবার সঙ্গে রাজধানীর বাংলাদেশ আই হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য। চিকিৎসকের কথা শুনে এভাবেই নিজের মনকে শক্ত করে নিয়েছেন মা-বাবা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ আই হাসপাতালে সুরাইয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে নিয়মিত। এর আগে আট মাস বয়সে সুরাইয়াকে পর্যবেক্ষণের জন্য ঢাকায় আনা হয়েছিল।

সুরাইয়ার চোখের চিকিৎসক কাজী সাব্বির আনোয়ার বলেন, সুরাইয়ার বাঁ চোখটি খুব ভালো আছে। ডান চোখে না দেখলেও সমস্যা তো নেই।

গত বছরের ২৩ জুলাই মাগুরার দোয়ারপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মায়ের গর্ভে শিশু সুরাইয়া গুলিবিদ্ধ হয়। গুলি মায়ের তলপেট ভেদ করে গর্ভের শিশুর হাত, গলা ও চোখে আঘাত করে। এতে তার চোখ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। মাগুরা সদর হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় তার। আশঙ্কাজনক অবস্থায় দুদিন পর ওকে নিয়ে আসা হয় ঢাকায়। চিকিৎসকদের চেষ্টায় আশঙ্কাজনক অবস্থা থেকে সুরাইয়া সুস্থ হয়ে ওঠে।

আজ বাংলাদেশ আই হাসপাতালে গিয়ে দেখা যায়, সুরাইয়ার কপালে একটি কালো টিপ লাগিয়ে দিয়েছেন তার মা। সাদা ও নীল রঙের ফ্রক গায়ে। একটু পরপর সে হাসছে। মা-বাবার সঙ্গে খুনসুটি করছে। মুখে তিনটি দাঁত উঠেছে তার। এখনো একা একা দাঁড়াতে শেখেনি। ডান হাতটা একটু বাঁকা ও বাঁ হাতের চেয়ে দুর্বল।

মাগুরায় মাতৃজঠরে গুলিবিদ্ধ হয়ে আলোচিত শিশু সুরাইয়া ডান চোখে দেখতে পায় না। এক চোখেই সে দেখছে পৃথিবীর রূপ, মা-বাবার হাসি। ছবি: প্রথম আলো
মাগুরায় মাতৃজঠরে গুলিবিদ্ধ হয়ে আলোচিত শিশু সুরাইয়া ডান চোখে দেখতে পায় না। এক চোখেই সে দেখছে পৃথিবীর রূপ, মা-বাবার হাসি। ছবি: প্রথম আলো

শিশু চক্ষুরোগ বিভাগের কনসালট্যান্ট কাজী সাব্বির আনোয়ার সুরাইয়ার চোখ পর্যবেক্ষণ করে বলেন, ‘তার একটি চোখ খুব ভালো আছে। আমরা প্রথমে সুরাইয়াকে যে অবস্থায় পেয়েছিলাম, তখন চোখে দৃষ্টির জন্য যে আকৃতির দরকার, তা তার ডান চোখে ছিল না। চোখটির আকৃতি অনেক ছোট ছিল। লেন্সে ছানি ছিল এবং তা জায়গা থেকে সরে গিয়েছিল। এ চোখ দিয়ে দেখার সম্ভাবনা নেই। সুরাইয়া বড় হওয়ার পর কৃত্রিম চোখ লাগিয়ে দিলে তখন আর কোনো অস্বাভাবিকতা চোখে পড়বে না।’

সুরাইয়ার বাবা ও মায়ের সঙ্গে চক্ষু চিকিৎসকের কাছে এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের (থিসিস শিক্ষার্থী) চিকিৎসক সিফাত জেরিন খান। তিনি বলেন, সুরাইয়ার ডান হাতটা এখন পর্যন্ত কিছুটা দুর্বল আছে।

চক্ষু চিকিৎসক কাজী সাব্বির আনোয়ার বলেন, ‘ভালো চোখটি যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়, চোখটি যেন অবহেলা করা না হয়—এ জন্য মাকে সচেতন থাকতে হবে। মাকে বোঝাতে হবে, এক চোখ দিয়ে অনেকে অনেক কিছু করছে, তাঁর মেয়েও এক চোখ দিয়ে অনেক কিছু করতে পারবে। এক চোখে দেখবে না, তা না বলে বলতে হবে, আপনার মেয়ের একটি চোখ ভালো আছে।’

কিন্তু চিকিৎসকের কাছে সুরাইয়ার মা নাজমা পারভীনের প্রশ্নের যেন শেষ নেই। একসময় তিনি চিকিৎসককে বলে বসেন, ‘আমার মেয়ে হাসে, কিন্তু খটখটাইয়্যা (শব্দ করে) হাসে না’—এ কথা শুনেই উপস্থিত সবাই হেসে ওঠেন। সবার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে ছোট্ট সুরাইয়াও।