সুরাইয়ার ওজন ও বল বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার ওজন কিছুটা বেড়েছে। বেড়েছে বলও। সিরিঞ্জ দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে দুধ খাচ্ছিল শিশুটি। কখনো নল দিয়ে খাওয়ানো হচ্ছিল। এখন সুরাইয়া নিজেই টেনে বারবার দুধ খাচ্ছে। গতকাল শনিবার খুশি খুশি গলায় সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া এ খবর জানিয়েছেন প্রথম আলোকে।
গত ২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু সুরাইয়া গুলিবিদ্ধ হয়। সংকটাপন্ন অবস্থায় ২৫ জুলাই ভোরবেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরাইয়াকে ভর্তি করা হয়।
গতকাল শনিবার ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা প্রথম আলোকে বলেন, ‘গত দুই দিন ধরে দেখছি, সুরাইয়ার ওজন অল্প অল্প করে বাড়ছে। প্রাথমিক ধাক্কাটা সে কাটিয়ে উঠেছে। তবে কিছুটা ঝুঁকি এখনো আছে।’ সুরাইয়ার চোখ নিয়ে চিকিৎসকদের দুশ্চিন্তা কাটেনি।