
আনন্দের জোয়ার বইছে বাচ্চু ভূঁইয়া-নাজমা খাতুন দম্পতির বাড়িতে। কারণ গতকাল শনিবার ছিল সুরাইয়ার প্রথম জন্মবার্ষিকী। মায়ের জঠরে গুলিবিদ্ধ হয়ে জন্ম নেওয়ার পর সুরাইয়া বেঁচে থাকবে—এ কথা স্বপ্নেও ভাবেননি এই দম্পতি। তাই সুরাইয়ার জন্মবার্ষিকী তাঁদের কাছে বিশেষ কিছু। এর আগে এ বাড়ির অন্য কারও জন্মবার্ষিকী পালন করা হয়নি। ব্যতিক্রম ঘটল সুরাইয়ার বেলায়। ঘটা করেই সুরাইয়ার জন্মবার্ষিকী উদ্যাপন করলেন তাঁরা। দাওয়াত দেওয়া হয়েছিল সুরাইয়ার চিকিৎসক, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনসহ শ খানেক মানুষকে।
মেয়ের জন্মদিন। তাই এক দিন আগেই চা-দোকানি বাচ্চু ভূঁইয়া পোলাওয়ের চাল, মাছ, খাসির মাংস, মুরগির মাংস, ডিম—সব কেনাকাটা সেরে রেখেছিলেন। গতকাল ছিল জন্মদিনের কেক, মিষ্টি, ফলমূল, বেলুন, মোমবাতি আর সাজসজ্জার টুকিটাকি কেনাকাটা।
গতকাল দুপুরে সুরাইয়াদের বাড়িতে গিয়ে দেখা গেল উৎসব চলছে। শিশুদের চিৎকার-চেঁচামেচি, দৌড়াদৌড়ি, হইহুল্লোড় জানান দিচ্ছে বাড়িতে বিশেষ আনন্দায়োজনের। জন্মদিনের নিমন্ত্রণ না পেয়েও ফুল আর নতুন জামা নিয়ে হাজির হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়। সঙ্গে ছিলেন চিকিৎসক শফিউর রহমান, যিনি নাজমা খাতুনকে অস্ত্রোপচার করেছিলেন। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যেই চলছে সব আয়োজন।
দুপুর গড়িয়ে বিকেল হতেই শুরু হয় কেক কাটার আয়োজন। আধা পাকা দুই কক্ষের ছোট্ট টিনের ঘরে বারান্দার দেয়ালে সাঁটানো হয় শুভ জন্মদিন লেখা কাগজ। সাজানো হয়েছে বেলুন দিয়ে। সন্ধ্যার একটু আগে কাটা হয় কেক।
শিশুদের মধ্যে সুরাইয়াকে কোলে নেওয়ার জন্য চলছিল কাড়াকাড়ি। বড়রাও বাদ পড়েননি। তাঁরাও কোলে নিয়ে আদর করেছেন। বুলেটের আঘাতে সুরাইয়ার ডান চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখে বোঝার উপায় নেই। হাসিখুশি ফুটফুটে সুরাইয়াকে দেখে মনেই হলো না যে এক বছর আগে মায়ের পেটে থাকতেই তার ছোট্ট তুলতুলে শরীরে বুলেট বিদ্ধ হয়েছিল। সব ধকল কাটিয়ে সুরাইয়া এখন সুস্থ-সবল। কাউকে দেখলেই একগাল হেসে ওঠে। কোলে ওঠার জন্য ছোট ছোট হাত-পা ছুড়তে থাকে।
পেটের ভেতর গুলিবিদ্ধ হয়ে সন্তান বেঁচে যাবে, তা কল্পনাও করেননি মা নাজমা খাতুন। তাঁর নিজের ও সন্তানের বেঁচে যাওয়া স্বপ্নের মতো। চিকিৎসকেরা বলেছেন, পেটের সন্তান গুলিবিদ্ধ হয়ে তাঁর জীবন রক্ষা করেছে। সুরাইয়ার জন্যই তিনি নতুন জীবন পেয়েছেন। তাই সুরাইয়ার প্রতি তাঁর যেন একটু বাড়তি আদর-ভালোবাসা। নাজমা খাতুন বললেন, ‘স্বপ্নেও ভাবিনি আমি নিজে বেঁচে থাকব। আমার মণিটা বাঁচবে। ওর জন্মদিন পালন করব। ওর বাপ মেয়ে বলতি পাগল। মেয়ের জন্মদিন। তাই আজ দোকানে যায়নি। অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল। বড় দুটো ছেলেমেয়ে আছে। আগে কারও জন্মদিন পালন করিনি। ওর বাপ খুশিতি মেয়ের জন্মদিন পালন করল। দুই দিন ধরে সব কেনাকাটা করছে। দাওয়াত দিছে। ঈদের থেকেও আজ আমাগের আনন্দ বেশি।’ নাজমা খাতুন মনে করেন, ভালো চিকিৎসা হলে সুরাইয়ার চোখ ঠিক হয়ে যাবে। তিনি মনে-প্রাণে তা-ই কামনা করেন।
দশম শ্রেণির ছাত্র কিশোর ভাই নাজমুল হাসান সোহাগ আর বোন চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়ার আনন্দও ছোট বোন সুরাইয়াকে ঘিরে। দুই ভাইবোন ছোট বোনকে নিয়েই সব সময় মেতে থাকে। ওদের জন্মদিন কখনো পালন করা হয়নি, তা নিয়ে কোনো আক্ষেপ নেই কোমলমতি দুই ভাইবোনের। ছোট বোনের জন্মদিন পালন হচ্ছে, এতেই তারা মহাখুশি। অন্য শিশুদের সঙ্গে তারা দুজন ছোট বোনের জন্মদিন উদ্যাপনের সব সাজসজ্জা করেছে। অতিথিদের আপ্যায়নে বড়দের সহযোগিতা করেছে।
বাচ্চু ভূঁইয়া বলেন, ‘আমার ছোট্ট চায়ের দোকান। অভাবের সংসার চলতে চায় না। তারপরও মেয়েডার জন্মদিন পালন না করে থাকতি পারলাম না। মেয়েডা আমার খুউব সুন্দর হইছে। আগের ঈদির সাত দিন আগে তিনটে জামা কিনিছিলাম ওর জন্যি। কিন্তুক ওর মায়ের জামার রং পছন্দ হইছিল না। আজ সকালে ওর মা পছন্দ করে মেয়ের জন্যি সুন্দর একটা জামা কিনে আনছে।’
গত বছরের ২৩ জুলাই বিকেলে মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় জঠরে গুলিবিদ্ধ হন আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন। ওই দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে নাজমা খাতুন গুলিবিদ্ধ মেয়েশিশুর জন্ম দেন। নাজমা খাতুনের অস্ত্রোপচার করেন শৈল্যচিকিৎসক শফিউর রহমানসহ একদল চিকিৎসক। পরদিন সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক কানিজ হাসিনার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। হাসপাতালে শিশুটিকে ‘বেবি অব নাজমা’ হিসেবে ভর্তি করা হয়। মা নাজমা খাতুনকে পাঠানো হয় দুই দিন পর। শিশুটির নাম রাখা হয় সুরাইয়া। হাসপাতালে প্রায় এক মাস নিবিড়ভাবে চিকিৎসা শেষে মা ও বুলেটবিদ্ধ সুরাইয়া সুস্থ হয়ে ওঠে। ওই সংঘর্ষের মধ্যে পড়ে নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) গুলি ও বোমায় আহত হন। পরদিন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।