সুরাইয়ার সৌরভ
বুকে-পিঠে গুলির ক্ষত নিয়ে প্রায় এক মাস আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল নবজাতক সুরাইয়া। গতকাল বৃহস্পতিবার মাথায় ফুলতোলা ব্যান্ড পরে মায়ের কোলে করে হাসপাতাল ছেড়েছে সে। রাতেই তাকে নিয়ে মাগুরার বাড়িতে পৌঁছান বাবা-মা।

ভালোবাসা আর যত্নে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সুরাইয়া। আদরের নাতনিকে কাছে পেয়ে চুমু খাচ্ছেন দাদি। পাশে মা।

মাগুরা সদর হাসপাতালে সুরাইয়ার জন্ম দেন মা নাজমা বেগম। এই চিকিৎসকেরাই অস্ত্রোপচার করে মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুটিকে পৃথিবীর আলো দেখান।

এ যেন ভাঙা ঘরে চাঁদের আলো। নাজমা বেগমের বাড়িতে ভিড় জমিয়েছে প্রতিবেশীরা।

বাড়ি ফেরার পর সুরাইয়ার মায়ের হাতে ১০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক।
গত ২৩ জুলাই মাগুরার দোয়ারপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নাজমা খাতুন গুলিবিদ্ধ হন। ওই দিনই প্রায় সাড়ে চার ঘণ্টা সময় ধরে অস্ত্রোপচারের পর নাজমা মাগুরা সদর হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেন। দুদিন পর শিশুটিকে নিয়ে তার দুই ফুফু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। মাতৃগর্ভে শিশুটির পিঠ দিয়ে গুলি ঢুকে বুক দিয়ে বেরিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে।