রাজধানীর উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসার (১৩) হত্যাকারীর ফাঁসির দাবিতে পুরান ঢাকা মঞ্চ ও ঢাকা ইয়ুথ ক্লাব নামের দুটি সংগঠন গতকাল বুধবার সকালে মানববন্ধনের আয়োজন করে।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে রিসার মা-বাবাসহ পুরান ঢাকার বিভিন্ন সংগঠন অংশ নেয়। মানববন্ধন চলে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
রিসার শোকার্ত মা তানিয়া হোসেন ও বাবা রমজান হোসেন মানববন্ধনে বলেন, হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রমাণ হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাহলে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস পাবে না।
সুরাইয়াকে হত্যার অভিযোগে ইতিমধ্যে একমাত্র এজাহারভুক্ত আসামি দরজি ওবায়দুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
মাস ছয়েক আগে স্কুলের ড্রেস বানাতে সুরাইয়া মায়ের সঙ্গে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা মার্কেটের একটি দরজির দোকানে গিয়েছিল। দরজি ওবায়দুল ফোন নম্বর পেয়ে উত্ত্যক্ত করত সুরাইয়াকে। গত ২৪ আগস্ট স্কুলের কাছের পদচারী-সেতু পার হয়ে নামার সময় সুরাইয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওবায়দুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট সকালে সুরাইয়া মারা যায়। মৃত্যুর আগে সুরাইয়া বলে গেছে, ওই দরজি ওবায়দুলই ছুরি মেরেছে তাকে।