সুরাহা হয়নি আড়াই মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি নারী হিরোয়ি মিয়াতা হত্যা মামলার সুরাহা আড়াই মাসেও করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় মামলাটির সুরাহা করা যাচ্ছে না।
এদিকে ঢাকার জাপান দূতাবাস কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ওই নারীর মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রয়েছে। এই হত্যা মামলায় গ্রেপ্তার করা ছয়জনই পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, হিরোয়ি মিয়াতাকে হত্যা করা হয়নি। তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে এই ছয়জন আদালতে কোনো জবানবন্দি দেননি। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।
উত্তরা পূর্ব থানায় পুলিশের করা মামলায় বলা হয়, গত বছরের ২৯ অক্টোবর হিরোয়ি মিয়াতাকে উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেল থেকে কৌশলে অপহরণ করে বসুন্ধরা এলাকার একটি বাসায় নিয়ে হত্যা করা হয়। পরে ভিন্ন পরিচয়ে তাঁর মরদেহ উত্তরার ১২ নম্বর সেক্টরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কবরস্থানে দাফন করা হয়।
মামলাটি তদন্ত করছে উত্তরা পূর্ব থানার পুলিশ। এজাহারে আরও বলা হয়, এজাহারভুক্ত ছয় আসামি পরস্পর যোগসাজশে মিয়াতাকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। পরে আসামিরা তাঁর মালামাল চুরি করেন। পুলিশ বলেছে, গত বছরের ১৯ নভেম্বর জাপান দূতাবাসের উপ-কনসাল কছুকি মাতসুনাগারের করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত করতে গিয়ে পুলিশ এসব তথ্য জেনেছে। পরে পুলিশের এক কর্মকর্তা ওই ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এই ছয়জন হলেন মো. জাকির পাটোয়ারী, মো. মারুফুল ইসলাম, রাশেদুল হক, ফখরুল ইসলাম, বিমল চন্দ্র শীল ও মো. জাহাঙ্গীর।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গত ২৭ নভেম্বর উত্তরা পূর্ব থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থান থেকে মিয়াতার লাশ তুলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হয়। তাঁর ভিসেরা পরীক্ষার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রাখা হয়। জাপান দূতাবাসের কোনো সিদ্ধান্ত না পাওয়ায় লাশটি এখনো মর্গের হিমঘরে রয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন মামলার জন্য অতি গুরুত্বপূর্ণ। ময়নাতদন্ত হওয়ার দেড় মাস পরও ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে প্রতিবেদন না পাওয়ায় পুলিশ মিয়াতার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেনি। অথচ কিছুদিন আগে মহাখালীর রাসায়নিক পরীক্ষাগার থেকে মিয়াতার ভিসেরার প্রতিবেদন ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন। প্রতিবেদন না পাওয়ার কারণে এ হত্যা মামলাটি সুরাহার বিষয়ে পুলিশ সিদ্ধান্ত নিতে পারছে না।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, এজাহারভুক্ত আসামিরা বায়িং হাউসের ব্যবসা করতেন। তাঁরা মিয়াতাকে জাপানসহ বিভিন্ন দেশের বায়িং হাউসের মালিকদের সঙ্গে ব্যবসায় মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। ২০০৬ সালে মিয়াতার বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হয়। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা বলেছেন, গত ২৯ অক্টোবর মিয়াতা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অবৈধভাবে বাংলাদেশে থাকছেন বলে তাঁকে কোনো হাসপাতালে নিতেও সাহস করেননি তাঁরা। পরে তাঁর মরদেহ মারুফুল ইসলামের খালা হালিমা খাতুনের বলে পরিচয় দিয়ে দাফন করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের মুখপাত্র ও ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা যদি আসামিদের দাবির (ডায়ারিয়ায় মৃত্যু) সঙ্গে মিলেও যায়, তাহলেও তাঁরা রেহাই পাবেন না। কারণ, জাপানি নারীকে হাসপাতালে নিলে হয়তো তিনি বেঁচেও যেতে পারতেন। কিন্তু তাঁরা তাঁকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যাননি, যা দণ্ডবিধির ৩০১ ধারায় অবহেলা বা অপরাধজনিত প্রাণহানি। তা ছাড়া মৃত্যুর পর আসামিরা জাপানি নারীর নাগরিকত্ব ও পরিচয় গোপন করে মরদেহ দাফন করে ২০১ ধারায় অপরাধ করেছেন।