সুরিটোলায় গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশাল থানার সুরিটোলায় গতকাল শনিবার সন্ধ্যায় ঊর্মি আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুরিটোলার লুৎফর রহমান রোডের একটি বাসায় স্বামী আজগর আলী ও তিন বছরের এক ছেলেকে নিয়ে থাকতেন ঊর্মি। আজগর আলী গুলিস্তানে জুতার ব্যবসা করেন। গতকাল বিকেলের কোনো একসময় ওই বাসার শৌচাগারের ভেতরে ঊর্মিকে মুখ বেঁধে ও গলা কেটে হত্যা করা হয়। এ সময় তাঁর তিন বছরের শিশু বাসায় ছিল। সন্ধ্যার দিকে শিশুটির কান্নাকাটিতে স্থানীয় লোকজন ওই বাসায় গিয়ে ঊর্মির লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, স্ত্রীকে আজগর আলী সন্দেহ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণে আজগর তাঁকে হত্যা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য আজগরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বংশাল থানার পরিদর্শক মো. কায়কোবাদ।