সুরুজ্জামান মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান
শিক্ষার্থী কোনো মানসিক সমস্যায় পড়লে শিক্ষকেরাই পারেন তাকে সমস্যা থেকে উদ্ধার করতে। শিক্ষক সহযোগিতা করলে শিক্ষার্থী বিষণ্নতা কাটিয়ে উঠতে পারে। এ জন্য শিক্ষকের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সাধারণ কিছু ধারণা থাকা দরকার।
গত শনিবার রাজধানীর দক্ষিণখানের সরদার সুরুজ্জামান মহিলা কলেজে আয়োজিত ‘মেন্টাল হেলথ ফার্স্ট এইড’ শীর্ষক কর্মশালায় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান সেবা ফাউন্ডেশন ও কলেজ কর্তৃপক্ষ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার শুরুতে বলা হয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা মানসিক সমস্যায় ভোগেন। এসব সমস্যা সম্পর্কে শিক্ষকদের সচেতন এবং সমস্যা মোকাবিলা করতে এই কর্মশালার আয়োজন। আলোচকেরা বলেন, হঠাৎ করে কোনো শিক্ষার্থী ভিন্ন আচরণ শুরু করতে পারে। সে হয়তো নিয়মিত ক্লাসে বিলম্ব করছে। হয়তো সে বিষণ্ন থাকে। এটা সবার আগে শিক্ষকের চোখে ধরা পড়া উচিত। এ ক্ষেত্রে শিক্ষক মনোযোগী হলে বিষণ্নতা কাটিয়ে উঠতে পারে ওই শিক্ষার্থী। শিক্ষকের একটু সহায়তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
কর্মশালায় মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ নূর রুমানা সাব্বির বলেন, শিক্ষক যদি ইতিবাচক দৃষ্টি নিয়ে বন্ধুর হাত বাড়িয়ে দেন, তা হলে শিক্ষার্থীরা অনেক মানসিক সমস্যা কাটিয়ে উঠতে পারে। এ জন্য শিক্ষকের নিজেরই মানসিক স্বাস্থ্য ভালো রাখা দরকার, আদর্শবান ও সৎ হওয়া দরকার।
সরদার সুরুজ্জামান মহিলা কলেজের অধ্যক্ষ রুবানা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেবা ফাউন্ডেশনের চেয়ারপারসন নাজমা হাসিন।