
সোনার থালার মতো গোল বছরের শেষ সূর্যটা তখন ঢলে পড়েছে পশ্চিমে। বিদায় নেব নেব করছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে শত প্রাণের উপস্থিতি। মঞ্চে রয়েছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃতে একদল শিল্পী। একক কণ্ঠে বন্যা শুরু করলেন, ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’। পরে আরও কয়েকটি দেশের গানের সমবেত পরিবেশনা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে বিগত বর্ষকে বিদায় জানানোর এ আয়োজনটি করে সংগীত সংগঠন সুরের ধারা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।
অনুষ্ঠানের শুরুতে চৈত্রসংক্রান্তির কথা তুলে ধরেন শিক্ষাবিদ আনিসুজ্জামান। তিনি বলেন, ‘এ অনুষ্ঠানের ভাব হিসেবে বেছে নেওয়া হয়েছে দশের কথা, দেশের গান। একটা সময়ে যেটাকে দেশাত্মবোধক গান বলতাম, সেটাকে সহজ করে দেশের গান বলা হচ্ছে। এই দেশাত্মবোধক গানের ধারা বেশ পুরোনো, শতাধিক বছর ধরে এ গানের ধারা চলে আসছে। সুরের ধারা অনুষ্ঠানে সেই হারিয়ে যাওয়া সময় থেকে বর্তমান সময় পর্যন্ত দেশাত্মবোধক গানের ধারাটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’ শিল্পীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আশা করি তাঁদের এই প্রয়াসের মধ্য দিয়ে বাংলা গানের একটি উল্লেখযোগ্য দিক আমাদের সামনে উদ্ভাসিত হবে। আমরা দেশকে যে আবেগ দিয়ে ভালোবাসি, এই গানগুলো দিয়ে সেই আবেগ মূর্ত হয়েছে।’
সুরের ধারার অধ্যক্ষ ও সভাপতি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা স্বাগত বক্তব্যে বলেন, ‘সুরের ধারা যখন যাত্রা শুরু করে, তখন কেবল রবীন্দ্রসংগীতের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এর পরিচয় ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পথ চলতে চলতে আমাদের দিকনির্দেশনা বদলেছে। কেবল সংগীত নয়, সম্পূর্ণ রবীন্দ্রনাথকে আমাদের আদর্শে ধরার চেষ্টা করছি। এবং সেই আদর্শে আমরা নিজেরা এবং আমাদের শিক্ষার্থীদের উজ্জীবিত করার প্রত্যাশা রাখি।’ তিনি বলেন, ‘আমাদের অনুষ্ঠানের এবারের ভাবনা দেশকে ঘিরে। বছরজুড়ে দেশ ছিল আমাদের ভাবনায়। দেশ নিয়ে সংশয়ে ছিলাম, কখনো আশঙ্কাগ্রস্তও ছিলাম। হতাশাও ঘিরে ধরেছে কখনো কখনো। দেশ মানে শুধু ভৌগোলিক সীমারেখা নয়। দেশ মানে মানুষ, মানুষের ভাবনা। তার আশা-আকাঙ্ক্ষা, তার সংগ্রাম, প্রতিবাদ। তাই আমাদের এবারের অনুষ্ঠানের শিরোনাম, দশের কথা দেশের গান।’
বন্যার বক্তৃতার আগে তাঁরই নেতৃত্বে ছিল গত কয়েক দশকের বেশ কিছু কালজয়ী দেশের গানের কোলাজ।
দেশাত্মবোধক গানের কোলাজ ও বন্যার বক্তৃতার পর মঞ্চে আসেন অধ্যাপক শফি আহমেদ। তিনি সমবেতদের শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানের বিষয়বস্তুর বিস্তারিত তুলে ধরেন। বলেন, সুরের ধারা শুধু একটি সংগীতপ্রতিষ্ঠান নয়, এ দেশে সাংস্কৃতিক আন্দোলনে এটি বড় ভূমিকা পালন করছে। তিনি আয়োজনে সহযোগিতার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানান। তাঁর বক্তৃতার পরই শুরু হয় গান, নৃত্য, আবৃত্তির পালাক্রম পরিবেশনা। শুরুতে সুরের ধারার শিশু শিল্পীরা শোনায় ‘আমরা সবাই রাজা’, ‘আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’, ‘এবার তোর মরা গাঙে’, ‘সোনা সোনা সোনা লোকে’সহ আরও অনেক গান। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির সঙ্গে ছিল শিশুদের সমবেত নৃত্য।
বিষয়ভিত্তিক পরিবেশনার শুরুতে ছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের ওপর গান। এ পর্যায়ে ছিল ‘চলরে চলরে ও ভাই’, ‘আমরা মিলেছি আজ মায়ের’, ‘চলরে চল সবে ভারত সন্তান’, ‘ও আমার দেশের মাটি’, ‘মোদের গরব মোদের আশা’, ‘মায়ের দেওয়া মোটা কাপড়’, ‘ভয় কি মরনে’, ‘ওরে বিষম দইরার ঢেউ’ ইত্যাদি গান। ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে...আগুন জ্বালো’ গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় সুরের ধারার বর্ষবিদায় অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ছিল দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
মঞ্চে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি অনুষ্ঠান প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ছিল বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো বিভিন্ন স্টল।