সুরের ধারার শিশুদের সুরে মন্দ্রিত সন্ধ্যা
পুরো মিলনায়তন শিশুদের পদচারণে মুখরিত। মেয়েরা সেজেছে লাল, হলুদ আর বাসন্তি রঙের শাড়িতে; ছেলেরা খয়েরি পাঞ্জাবি আর সাদা পাজামায়। তাদের কেউ দৌড়াচ্ছে, কেউ গল্প করছে। অভিভাবকদের অধিকাংশ বাচ্চাদের অবাধ স্বাধীনতা দিয়ে চুপচাপ বসে আছেন। দু-একজনকে দেখা গেল বাচ্চাদের দুরন্তপনা ঠেকানোর ব্যর্থ চেষ্টা করতে। দৃশ্যটি বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনের, গতকাল শনিবার শেষ বিকেলে। এই সমাগম রবীন্দ্রসংগীতের শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার শিশু বিভাগের সনদ বিতরণ উপলক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পী হাশেম খান এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। সন্ধ্যায় শিক্ষার্থীদের সম্মেলক কণ্ঠে ‘আলো আমার আলো ওগো’ গানের সঙ্গে অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অতিথিরা শিশুদের মধ্যে সনদ বিতরণ করেন।দ্বিতীয় পর্বে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান। সম্মিলিত কণ্ঠে ‘গানের ভিতর দিয়ে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গানের পালা। শিক্ষার্থীরা সম্মেলক ও এককে ‘আমরা সবাই রাজা’, ‘ফিরে ফিরে ডাক’, ‘ওরে ওরে ওরে আমার’, ‘যাব না যাব না’ গানগুলো গেয়ে শোনায়। অনুষ্ঠান শেষ হয় সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।‘শেষ সংলাপ’-এর উদ্বোধনী মঞ্চায়নশনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ মিলনায়তনে ছিল নতুন নাটক শেষ সংলাপ-এর উদ্বোধনী মঞ্চায়ন। সময়-এর ২৯তম প্রযোজনা এটি। মিসরের নাট্যকার তাওফীক আল হাকীমের সুলতানুজ্ জান্নাম অবলম্বনে নাটকটির অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।নাটকটির গল্পে দেখা যায়, সুলতানের দাসত্ব মোচন হয়নি—এমন গোপন সংবাদ রাজ্যময় ছড়িয়ে দেওয়ার অপরাধে এক দাস ব্যবসায়ীকে বন্দী করা হয়। কিন্তু বন্দীর ফরিয়াদনামা দেখে বিচারসভায় উপস্থিত হন স্বয়ং সুলতান। ব্যবসায়ীর কথা শুনে প্রচণ্ড এক দ্বন্দ্বের মুখোমুখি হন তিনি। অনেক তর্ক আর বিতর্কের পর সুলতানকে আইনের পথ বেছে নেওয়ার পরামর্শ দেন প্রধান বিচারক। আইন মেনে নিয়ে নিলামে ওঠেন সুলতান; কিন্তু দেখা দেয় নতুন সংকট। কারণ, নিলাম ক্রয়কারী যাঁর প্রতিনিধিত্ব করতে এসেছেন, তিনি এই রাজ্যে একজন বারবনিতা হিসেবে পরিচিত। শুরু হয় তুমুল যুক্তিতর্ক। উল্লেখ্য, কলকাতার নাট্যদল অনীক আয়োজিত ‘গঙ্গা-যমুনা আন্তর্জাতিক নাট্যোত্সব’-এ গত বছর ২৮ ডিসেম্বর, মিনার্ভা থিয়েটার মিলনায়তনে শেষ সংলাপ নাটকটির আন্তর্জাতিক উদ্বোধন হয়।এ নাটকে অভিনয় করেছেন পাভেল ইসলাম, ঈশিতা চাকী, রিয়াজ মাহমুদ জুয়েল, আরিফুজ্জামান, ফখরুল ইসলাম, তোফায়েল সরকার প্রমুখ।ঘুম নিয়ে আলোকচিত্র প্রদর্শনীকেউ গাছের গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছে, আবার কেউ বাসের সিটে বসে। কোনো শিশু মায়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, আরেক শিশু আদিবাসী মায়ের পিঠে ঘুমন্ত। নৌকার ছইয়ের নিচে ঘুমানো মাঝি, কিংবা ছইয়ের ওপরে ঘুমানো মাঝি। আবার ভ্যানগাড়ির ছাদে, পিকআপের ছাদে ঘুমানো শ্রমিক আর ঝুড়িতে মাথা রেখে ঘুমানো শ্রমিক—সবই আছে ‘ঘুম’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনীতে। আলোকচিত্রী বাকিন রাব্বি ছবি তুলেছেন ঘুমকে বিষয় করে। আর তাই প্রতিটি ছবিতে উঠে এসেছে নানা রকম অবস্থায় মানুষের ঘুম। এখানে যেমন মানুষের আজব ঢঙে ঘুমানোর ছবি আছে তেমনই রয়েছে মানবেতর জীবন যাপন করা মানুষের ঘুমানো ছবি। একটি ছবিতে মানুষ আর কুকুরের পাশাপাশি ঘুমানোর ছবি রয়েছে। আরেকটি ছবিতে দূরে সংসদ ভবন দেখা যায় আর রাস্তার ধারে উদোম গায়ে ঘুমানো ছবি। এ ছাড়া গরুর গাড়িতে গাড়িয়ালের ছাতা মাথায় ঘুমানো ছবি। সিএনজিচালিত অটোরিকশায় বসে ব্যস্ত মানুষের ঘুমানো, লেকের পাড়ে আর ফুটপাতে ঘুমানোর ছবিও রয়েছে।গতকাল সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেসে বাকিন রাব্বির এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেসের উপপরিচালক জ্যাক বুনা। প্রদর্শনী চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।