সুরের ধারার হাজার কণ্ঠে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ‘সানসিল্ক হাজারো কণ্ঠে বর্ষবরণ-১৪২৪’ উৎসবের আয়োজন করা হয়।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ‘সানসিল্ক হাজারো কণ্ঠে বর্ষবরণ-১৪২৪’ উৎসবের আয়োজন করা হয়।

এক মঞ্চে হাজার শিল্পীর গান দিয়ে বর্ষবরণ করল সুরের ধারা ও চ্যানেল আই। বিগত পাঁচ বছরের ধারাবাহিকতায় আজ শুক্রবার বাংলা নতুন বছরের প্রথম দিন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ‘সানসিল্ক হাজার কণ্ঠে বর্ষবরণ-১৪২৪’ আয়োজন করা হয়।

সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আবদুল হাকিমের বাঁশির সুর মুগ্ধ করেছে অতিথিদের। এরপর রবীন্দ্র সংগীতশিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে একক গান ‘ওঠো ওঠো রে-বিফলে প্রভাত বহে যায় যে’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসবের মূল অনুষ্ঠান। তারপর রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারা ও সারা দেশ থেকে নির্বাচিত এক হাজার শিল্পীর কণ্ঠে পরিবেশিত হয় ‘ওহে দয়াময়, নিখিল-আশ্রয় এ ধরা-পানে চাও’।

সংগীত পরিবেশন করছেন রবীন্দ্রসংগীতশিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা।
সংগীত পরিবেশন করছেন রবীন্দ্রসংগীতশিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ইউনিলিভার বাংলাদেশের হেড অব পারসোনাল কেয়ার নাফিস আনোয়ার প্রমুখ।

বর্ষবরণ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা পঞ্চকবির গানসহ ছয়টি একক পরিবেশনা করেন। বিভিন্ন বয়সী নৃত্যশিল্পীর দলীয় নৃত্য পরিবেশনা ছাড়াও অনুষ্ঠানে সংগীত ও গিটার শো পরিবেশন করেন আইয়ুব বাচ্চু ও এলআরবি। আরও ছিল দেশীয় পোশাকে ‘সানসিল্ক বৈশাখী ফ্যাশন শো’।

বর্ষবরণ অনুষ্ঠানে সংগীত ও গিটার শো পরিবেশন করেন আইয়ুব বাচ্চু।
বর্ষবরণ অনুষ্ঠানে সংগীত ও গিটার শো পরিবেশন করেন আইয়ুব বাচ্চু।

উৎসব প্রাঙ্গণে একটি মঙ্গল শোভাযাত্রাও বের হয়। চ্যানেল আই ও সুরের ধারা’র যৌথ আয়োজনে এ উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ছিল ইউনিলিভারের অন্যতম ব্র্যান্ড সানসিল্ক। অনুষ্ঠানটি উপভোগ করতে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ দেশের বিশিষ্টজন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা।

অনুষ্ঠানস্থলে ছিল বাঙালির হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো বৈশাখী মেলার হরেক রকম স্টল। স্টলগুলোতে শোভা পেয়েছে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজসপত্র, কাঁসা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানান পণ্যসামগ্রী। পুরো বর্ষবরণ উৎসব দুপুর ১২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের উপস্থিতিতে ‘আনন্দ আলো’র যুগপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।