সুরের মূর্ছনায় মাদককে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে গতকাল বাংলালিংক-প্রথম আলোর আয়োজনে মাদকবিরোধী কনসার্টে আইয়ুব বাচ্চু, আসিফ, কনা, ইমন, সালমা, সোমা, রিংকুসহ শিল্পীরা হাত তুলে মাদককে না বলেন l ছবি: প্রথম আলো
আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে গতকাল বাংলালিংক-প্রথম আলোর আয়োজনে মাদকবিরোধী কনসার্টে আইয়ুব বাচ্চু, আসিফ, কনা, ইমন, সালমা, সোমা, রিংকুসহ শিল্পীরা হাত তুলে মাদককে না বলেন l ছবি: প্রথম আলো

ক্ষণে ক্ষণে আষাঢ়ের বৃষ্টির দৌরাত্ম্য। মঞ্চের সামনের চেয়ারগুলো তাই ফাঁকা। কৌতূহলী কিছু মুখ বাদে আশপাশে খুব একটা লোকের ভিড় নেই। কিন্তু ক্লোজআপ তারকা সালমা-রিংকুরা যখন গান শুরু করলেন, বৃষ্টি উপেক্ষা করে ছুটে এলেন বহু শ্রোতা-দর্শক৷ এরপর একে একে কনা-আসিফ-আইয়ুব বাচ্চু আর চিরকুটের গানে দারুণ জমে গেল বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট৷ সুরের মূর্ছনা আর জীবনমুখী আহ্বানের মধ্য দিয়ে চলল মাদককে ‘না’ বলা।
আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলো ট্রাস্ট ও বাংলালিংক যৌথভাবে এই কনসার্ট আয়োজন করে। ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসকে সামনে রেখে আয়োজিত হয় এ কনসার্ট।
অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে ছিলেন অভিনেতা সাজু খাদেম। অনুষ্ঠানের শুরুতেই পুঁথি পাঠ করেন কাব্য কামরুল। জয়নাল নামে এক তরুণ কীভাবে নেশার ফাঁদে পা দেন সে কাহিনি তুলে ধরেন তিনি।
এরপর ক্লোজআপ তারকা সালমা এসে গানে গানে দর্শকদের মাতিয়ে তোলেন। তঁার ‘বাড়ির কাছে আরশীনগর’ লালনগীতিটি শ্রোতা-দর্শকদের মুগ্ধ করে৷ এরপর অভিনয়শিল্পী নিপুণ মঞ্চে ওঠেন। উপস্থাপক সাজু খাদেমের সঙ্গে তাঁর খুনসুটি বেশ উপভোগ করেন দর্শকেরা৷ নিপুণের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এরপর সবাই মাদককে ‘না’ বলেন। এ সময় যোগ দেন চলচ্চিত্র অভিনেতা ইমন।
এরপর বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম৷ তিনি বলেন, প্রথম আলো সব সময় দেশের মানুষের কল্যাণে আছে। আর তাই সামাজিক দায়বদ্ধতা থেকে প্রথম আলো নানা কর্মসূচি পালন করে। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা নিজেরা প্রথমে মাদককে না বলব। এরপর বন্ধুবান্ধবদের সেটি বলব। আর কেউ মাদক ব্যবসা করলে তাকে ধরিয়ে দেব।’
এরপর একে একে মঞ্চে আসেন শিল্পী আইয়ুব বাচ্চু ও তঁার ব্যান্ডদল এলআরবি, চিরকুট, আসিফ আকবর, কনা, সালমা, নিপুণ, ইমন ও রিংকু। তঁারা সবাই একসঙ্গে হাত তুলে মাদককে ‘না’ বলেন। এ সময় দর্শকরাও হাত তুলে মাদককে না বলার প্রতিশ্রুতি দেন৷
প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, অনেকেই সিগারেট ও মাদক সেবন শুরু করে শখ করে। তারা ভাবে নেশায় আসক্ত হবে না৷ কিন্তু মাদকের রাসায়নিক দ্রব্য তাদের নেশায় আচ্ছন্ন করে ফেলে। তাই মাদকের ফঁাদ থেকে সবাইকে দূরে থাকতে হবে।
বাংলালিংকের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক খন্দকার আশিক ইকবাল। ফ্যান্টাসি কিংডমের পরিচালনাকারী প্রতিষ্ঠান কনকর্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ৷ কনসার্টের সার্বিক সহযোগিতায় ছিল কনকর্ড ও প্রথম আলো বন্ধুসভা৷ সম্প্রচার সহযোগী ছিল চ্যানেল আই ও এবিসি রেডিও।
বক্তব্য পর্ব শেষে মঞ্চে এসে ফের দর্শকদের গানে মাতিয়ে তোলেন শিল্পী রিংকু। এরপর বৃষ্টির গান শুরু করেন কনা। কনা শোনান জনপ্রিয় ‘চার ছক্কা হই হই’ গানটিও৷ তাঁর কণ্ঠে সুর মিলিয়ে নেচে ওঠেন দর্শকেরা৷ এরপর মঞ্চে আসেন আসিফ আকবর। পরপর দুটি গান গেয়ে শোনান তিনি৷ কনা ও আসিফ দুজনই মঞ্চ ছাড়ার আগে সবাইকে মাদকের বিরুদ্ধে ‘না’ বলান।
এরপর গান গাইতে আসে ব্যান্ডদল চিরকুট। তাদের ‘জাদুর শহর’ ও ‘কানামাছি’ এই দুটো গানের পর মঞ্চে আসেন বহুল প্রতীিক্ষত শিল্পী আইয়ুব বাচ্চু। ‘রাখে আল্লাহ মারে কে?’ ‘মন চাইলে মন পাবে’, ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ এই জনপ্রিয় গানগুলো গেয়ে আসর মাতিয়ে তোলেন তিনি। রাত সোয়া আটটায় যখন অনুষ্ঠান শেষ হয় তখনো যেন ফ্যান্টাসি কিংডমজুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল সুরের মূর্ছনা আর মাদককে চিৎকার করে শুনিয়ে দেওয়া ‘না’৷